২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘটনাবহুল ৭ নভেম্বর, ভিন্ন ভিন্ন কর্মসূচি

রোববার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক ঘটনাবহুল দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ৭ নভেম্বর। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন। নিহত হন খালেদ মোশাররফসহ অনেক সেনা কর্মকর্তা। '৭৫ এর নভেম্বরের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় নবীন বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক চরিত্র বদলে যেতে থাকে এবং তা মুক্তিযুদ্ধের আদর্শের বিপরীতমুখে যাত্রা শুরু করে। এর মাধ্যমে দীর্ঘ সেনাশাসনের ভিত্তিও রচিত হয়। ৭ নভেম্বরের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। রাজনৈতিক দলগুলো ৭ নভেম্বরকে ভিন্ন ভিন্ন নামে ও চেতনায় পালন করে থাকে। বিএনপি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস', আওয়ামী লীগ 'মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) 'সিপাহী-জনতার অভ্যুত্থান' দিবস হিসেবে দিনটি পালন করে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এ দিবস সরকারি ছুটির দিন হলেও আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে তা বাতিল করে। দিবসটি উপলক্ষে বিএনপি ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। রোববার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর আগে ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে খালেদা জিয়া বক্তব্য রাখবেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎখাত করার কথিত লক্ষ্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যূত্থান হয়। ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াকে আটক করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের ৭ নভেম্বর এক পাল্টা অভ্যূত্থানে জিয়াকে মুক্ত করেন। যাতে যুক্ত ছিলেন জাসদের নেতা-কর্মীরাও। সেজন্য জাসদ দিনটিকে 'সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস' হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। পরে অবশ্য তাহেরকে সামরিক আদালতে 'বিচার' করে ফাঁসিতে ঝোলানো হয়। ৭ নভেম্বরই মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ ও মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়। সেজন্য আওয়ামী লীগ দিনটিকে পালন করে 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' হিসেবে। ৩ নভেম্বরের অভ্যূত্থানের আগের রাতেই কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। ১৫ অগাস্টের হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই চার সহচরকে আটক করে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/২০০৫ ঘ.