২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জেলায় দুর্ঘটনায় নিহত ৭

হবিগঞ্জ, সিরাজগঞ্জ এবং বগুড়ায় শনিবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে দুজন, সিরাজগঞ্জে পৃথক ঘটনায় তিনজন এবং বগুড়ায় দুইজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ, সিরাজগঞ্জ এবং বগুড়ায় শনিবার সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে দুজন, সিরাজগঞ্জে পৃথক ঘটনায় তিনজন এবং বগুড়ায় দুইজন মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর- হবিগঞ্জ: মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুপুরে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধাতলা গ্রামে নাসির (৪০) এবং বাসের হেলপার দুলাল (৪৫)। আহতের মধ্যে ১৫ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে ঢাকাগামী বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাসির মারা যান। দমকলকর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে দুলাল মারা যান। সিরাজগঞ্জ: হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের কাছে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে ভোরে কুড়িগ্রাম থেকে চট্টগ্রামগামী একটি গরুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আনিছুর রহমান (৩৫) নামে এক রাখাল মারা যান। আনিছুরের বাড়ি কুড়িগ্রামের শিবরাম এলাকায় বলে মহাসড়ক পুলিশের হাটকুমরল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান। এ সময় ট্রাকে থাকা পাঁচটি গরু মারা যায়। সিরাজগঞ্জের অন্য দুর্ঘটনাটি ঘটে উল্লাপাড়ায় বিকাল সাড়ে ৪টার দিকে। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি সড়কে নগরবাড়ি থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন নারীসহ বাসের ১০ যাত্রী আহত হন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত যাত্রীদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বগুড়া: শেরপুর উপজেলার শুভগাছায় শেরপুর-ধুনট সড়কে সকালে যাত্রীবাহী একটি বাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ দুইজন নিহত এবং দুই জন আহত হয়েছে। হতাহতরা সবাই অটো রিকশার যাত্রী বলে জানান শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম। নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শ্যামপুর গ্রামের সুফিয়া বেগম (৪৫) ও একই উপজেলার চালিতাডাংগা গ্রামের ইউনুছ তালুকদার (৫৫) । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯৩০ ঘ.