গাজীপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে।
শ্রমিকদের অবরোধের কারণে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
শ্রমিকরা কারখানায়ও ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সংসদ সদস্য আকম মোজাম্মেল হকের মধ্যস্ততায় দুপুরে বৈঠকে মালিক পক্ষ মজুরি বাড়ানোর দাবি মেনে নিলে শ্রমিকরা শান্ত হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সদর উপজেলার নাওজোর এলাকার দিগন্ত পোশাক কারখানার শ্রমিকরা মালের উৎপাদন মজুরি বাড়ানো, মহাব্যবস্থাপক (জিএম) মোতালেব মিয়ার অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। পরে তারা সহিংস হয়ে ওঠে।
দিগন্ত সোয়েটার্স লিমিটেড নামের ওই কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক রয়েছে বলে কর্মকর্তারা জানান।
কারখানার নিটিং অপারেটর ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গত মাসের বেতনে উৎপাদন মজুরি ৩২ টাকার স্থলে ২৭ টাকা দেওয়া হয়। এর প্রতিবাদ তাৎক্ষণিকভাবে করা হলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
"আজ (শনিবার) সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রায় পৌনে এক ঘণ্টা কাজ করার পর পুনরায় কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়ানোর অনুরোধ করা হয়। তখন জিএম শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরই শ্রমিকরা আন্দোলন শুরু করে", বলেন ফেরদৌস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৯টার দিকে কয়েক হাজার শ্রমিক কারখানার জানালার কাঁচ, দুটি কভার্ড ভ্যান, একটি বাস ভাংচুর করে। শ্রমিকরা একটি মোটর সাইকেল এবং নিরাপত্তা রক্ষীদের কক্ষের আসবাবপত্র বাইরে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল সড়কে নেমে আসে। তারা কারখানার বিভিন্ন আসবাব সড়কে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। তখন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে সকাল ১১টার দিকে পুলিশ তাদের ওঠাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। ইট ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টাধাওয়া চলে কয়েক ঘণ্টা। এতে পুলিশ, শ্রমিক, কারখানার কর্মকর্তা ও পথচারীসহ অর্ধশত আহত হয় বলে প্রশাসনের কর্মকর্তারা বলছেন।
গাজীপুরের পুলিশ সুপার এসএম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামানসহ ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন।
বেলা পৌনে ১২টার দিকে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হক, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, পুলিশ সুপার মাহফুজুল হক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন।
এরপর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশে এমএইচ ফিলিং স্টেশনে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন তারা।
মোজাম্মেল শ্রমিকদের দাবি মেনে নিয়ে সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী মজুরি দিতে মালিক পক্ষের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে কারখানা কর্মকর্তা মোতালেবের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগতদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যও পুলিশ সুপারকে পরামর্শ দেন।
তখন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন শ্রমিকদের উৎপাদন মজুরি বাড়ানোর দাবি মেনে নেন এবং সোমবার বিকালে বাকি অর্থ পরিশোধের আশ্বাস দেন। তখন শ্রমিকরা সড়ক ছাড়লে দুপুর ২টায় ঢাকা-টাঙ্গাইল সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
শনিবারের ভাংচুরের কারণে রোববার ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে মজুরি বাড়ানোর দাবিতে কালিয়াকৈর উপজেলায় আরো দুটি সোয়েটার কারখানায় শনিবার বিক্ষোভ হয়েছে। তবে কোনো ভাংচুর হয়নি।
বাড়ৈপাড়া এলাকায় হেচং বিডি লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা সকাল ৮টার দিকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে বলে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, ওই কারখানার প্রায় চার হাজার শ্রমিকের অভিযোগ তাদের মজুরি কম দেওয়া হচ্ছে। যদিও কারখানা কর্তৃপক্ষ বলছে, ন্যায্য মজুরিই শ্রমিকদের দিচ্ছেন তারা।
রতনপুর গ্রামের করণী নিট কম্পোজিট লিমিটেড নামের অন্য একটি পোশাক কারখানায় বিক্ষোভ হয়। ওই কারখানায় নতুন মজুরি কাঠামো চালু হলেও তাতে বেতন বেশি বাড়েনি দাবি করে ওই কারখানার পুরনো শ্রমিকরা বিক্ষোভ করে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা ভুল বুঝে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলো। পরে তারা বিষয়টি বুঝতে পেরে কাজে যোগ দেয়।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বলেন, করণী নিট কারখানায় সমস্যার সমাধান হলেও বিডি হেচংয়ে শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
দুটি কারখানায় অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১২ ঘ.
bdnews24