ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আধুনিক সমাজ ব্যবস্থায় কারাগার হলো শোধনাগার। অপরাধের শাস্তি দেওয়া যেমন সরকারের দায়িত্ব তেমনি তাদের মানবিক, মানসিক ও নৈতিক বিকাশ ঘটানোর দায়িত্বও সরকারের।
তিনি শনিবার ঢাকা কেন্দ্রিয় কারাগারে কয়েদিদের জ্ঞান শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে 'কারাগারে কয়েদিদের মানবিক, নৈতিক ও আত্মিক শক্তি বিকাশে বিশেষ জ্ঞান শিক্ষা' কার্যক্রমের আয়োজন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রূপসা ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কারাবন্দিরা এই সমাজেরই মানুষ। তারা কারাভোগের পর সমাজে গিয়ে যাতে স্বাভাবিক জীবন ব্যবস্থায় ফিরে আসতে পারে সরকার সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেবে।"
স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান শিকদার, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান (অব.), স্থানীয় সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১১৪৯ ঘ.
bdnews24