২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

রাজধানীর গেন্ডারিয়ায় দুর্বৃত্তের গুলিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 04:58 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় দুর্বৃত্তের গুলিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিহত দ্বীন ইসলাম দিলা ওরফে দেলোয়ার ইসলাম দিলু (৪০) ঢাকা সিটি করপোরেশনের ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ (৪৫) ও তার সমর্থক জুয়েলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গেন্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গেন্ডারিয়ার ২৬-কে বি রোডে মটর সাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা দিলুর ওপর গুলি চালায়। এতে তিনি মটর সাইকেল থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ভোররাতে শরীফ ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্তের জন্য দিলুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/এজে/১১২৬ ঘ.