ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী ও সাভারে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে নীলফামারীর ডোমার উপজেলায় তিনটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রে আহত হয় দুজন।
সাভারে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় আহত হয়েছে আটজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: ডোমার থানার ওসি সুকুমার রায় মোহন্ত সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে উপজেলা পরিষদ এলাকার পাশে ব্যাংক কর্মকর্তা মোমেনুল ইসলামের বাড়িতে ডাকাতরা হানা দেয়।
ডাকাতরা দরজা ও গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে বাড়ির সব লোকজনকে বেঁধে রেখে ৭ হাজার টাকা ও দুই ভরি স্বর্নালঙ্কার নিয়ে যায়।
এর পরপরেই উপজেলার বাগডোকরা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা বখতিয়ার রহমানকে রাস্তায় আটকে তার কাছ থেকে সবকিছু লুট করে নেয়।
এছাড়া ডোমার থানা এলাকার ব্যবসায়ী আব্দুল মতিনের বাড়িতে মুখশধারী ৮/১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। মতিনের শ্যালক জাহাঙ্গীর আলম বাধা দিতে গেলে ডাকাতের গুলিতে আহত হন।
ডাকাতরা ব্যবসায়ী মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
তিনটি ঘটনায় ডোমার থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
সাভার: সাভারে শ্যামপুর এলাকায় একইসঙ্গে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা এসব বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ডাকাতদের হামলায় আহতরা হলেন- ব্যবসায়ী শরিফ মিয়া, তার স্ত্রী সাজেদা বেগম, তার ছেলে শামীম, মেয়ে সুফিয়া বেগম, সেন্ট যোসেফ হাইস্কুলের শিক্ষক আলী আকবর, ব্যবসায়ী মোসলেম উদ্দিন, তার শ্যালক নুরুল আমিন ও শাশুড়ি নুহুরা খাতুন।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ডাকাতের কবলে পড়ারা জানান।
সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, তিনি ডাকাতির বিষয়ে কিছু জানে না। তবে শরিফ মিয়া নামের এক ব্যক্তি একটি অভিযোগ দিয়েছেন, সেটি চুরির মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24