২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি

সাতবছর আগে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক আমজাদ হোসেন স্মরণে সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতবছর আগে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক আমজাদ হোসেন স্মরণে সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে অনুষ্ঠিত এই সমাবেশে শ্রমিক নেতারা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করে ১০ নভেম্বর থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া শিল্পনগরীর কারখানাগুলোতে ৮ ঘণ্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের মজুরি, সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। ২০০৩ সালের ৩ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীর পোশাক কারখানা পেনটেক্স ড্রেস লিমিটেড এর সামনে অবস্থান ধর্মঘট করছিলো। শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইলকে গ্রেপ্তারের পর আন্দোলনরত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ওই সময় পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালালে আমজাদ হোসেন কামাল নিহত হন। আমজাদ স্মরণে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, আট ঘণ্টা কর্মদিবস, অতিরিক্ত কাজের মজুরি, সাপ্তাহিক ছুটি, শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন সবেতন ছুটি, ঈদ বোনাস, মামলা প্রত্যাহার এবং শ্রম আইন বাস্তবায়নসহ ১৮ দফা দাবির কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শ্রমিক নেতা মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- বিসিক আন্দোলনের নেতা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান ইসমাইল, টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা মন্টু ঘোষ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.