২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-চাল পাচারকালে ওএমএস'র চালসহ আটক ৬

খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল পাচারকালে বরিশালের গৌরনদী উপজেলা থেকে ১০ মেট্রিক টন চাল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম) - খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল পাচারকালে বরিশালের গৌরনদী উপজেলা থেকে ১০ মেট্রিক টন চাল আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ছয়জনকে। শুক্রবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে চাল বোঝাই নসিমনসহ (স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিকযান) তাদের আটক করা হয়। এ সময় চাল বোঝাই আরেকটি নসিমন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, "এসব চাল আগৈলঝাড়া খাদ্য গুদামের। গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।" তিনি জানান, খোলা বাজারে বিক্রির এসব চাল সরিয়ে নেওয়া হচ্ছিলো। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নসিমনচালকদের আটক করা হয়েছে। আগৈলঝড়া খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ডিলার হান্নান মোল্লা, মান্নান হাওলাদার, রমনী বাড়ৈ, গিয়াস উদ্দিন হাওলাদার ও রমনী কান্ত সরকার ওএমএস'র ২০ টন চাল তুলেছেন।" এছাড়া পুজা উপলক্ষে পাওনা ১৪০ কেজি চাল তাদের দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর বিশ্বাস বলেন, তদন্তে ওএমএস'র চাল প্রমাণিত হলে ডিলারদের লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৫৮ ঘ.