সাভার, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার থেকে অপহরণ করা এক শিশুকে দুদিন পর রাজধানীর বংশাল থেকে উদ্ধার করেছে র্যাব।
অপহরণে জড়িত অভিযোগে আটক করা হয়েছে দুজনকে।
শুক্রবার ভোরে বংশালের হাজী আব্দুল্লাহ লেন এলাকার ৮০/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে র্যাব সদস্যরা অপহৃত আব্দুল্লাহ ফয়সলকে (১০) উদ্ধার করে।
আটককৃতরা হলেন- সোহেল রানা (৩০) ও ইলিয়াছ উদ্দিন (২৬)। তারা দুই ভাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নোয়ামোড়া এলাকার ফরিদ আহম্মেদের ছেলে।
গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারের আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ফয়সলকে অপহরণ করা হয়। সে বিশ মাইল এলাকার মর্নিং গ্লোরি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
র্যাব-৪ সাভার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ তারেক আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পরই অপহরণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে ফয়সলকে তুলে নিয়ে যায়।"
তিনি জানান, ওইদিন দুপুরে অপহরণকারী দলের একজন ফোন করে ফয়সলের মা কুলসুম আক্তারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ফয়সলকে হত্যারও হুমকি দেয় তারা।
ওইদিন সন্ধ্যায় কুলসুম আক্তার বাদি হয়ে আশুলিয়া থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তিনি বিষয়টি র্যাবকেও জানান।
পরে মোবাইল ফোনের সূত্র ধরে র্যাব সদস্যরা ডেন্ডাবর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ইলিয়াছকে আটক করে।
তার দেওয়া তথ্য অনুযায়ী পরদিন ভোরে র্যাব সদস্যরা বংশালের ওই বাড়ি থেকে ফয়সলকে উদ্ধার এবং সোহেল রানাকে আটক করে।
কুলসুম আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা জেনেশুনেই আমার ছেলেকে অপহরণ করে মুক্তিপন দাবি করেছে।"
ফয়সালের বাবা রফিকুল আলম সৌদি আরবে চাকরি করছেন বলে জানান তিনি।
মেজর শেখ তারেক জানান, জিজ্ঞাসাবাদে সোহেল দীর্ঘদিন ধরে অপহরণকারী দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, আটককৃতদের দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24