নারায়ণগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আগামী দুই বছর পর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।
তিনি বলেন, মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই মজুরি কাঠামো প্রণয়ন করা হবে। আগামী শ্রমনীতি যাতে যুগোপযোগী ও শ্রমিক বান্ধব হয় সেজন্য সরকার সচেষ্ট রয়েছে।"
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটির বিসিক শিল্পনগরীতে নিট পোশাক শিল্পের মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে গ্র"প বীমার চেক হস্তান্তর উপলক্ষে বিকেএমইএ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, আসন্ন ঈদের আগেই পোশাক শিল্পের শ্রমিকরা তাদের মজুরি যাতে পেয়ে যান সেজন্য এই শিল্পের মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তিনি মনে করে বর্তমান মজুরি কাঠামো যা চলতি নভেম্বর মাস থেকে কার্যকর হয়েছে, তা নজিরবিহীন। অতীতে কোনো সরকারই শ্রমিকদের কল্যাণে এভাবে বেতনভাতা বাড়ায়নি।
নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য সারাহ্ বেগম কবরী, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কার্যকরী সভাপতি কাউসার আহমেদ পলাশ ।
মঞ্চে উপস্থিত ছিলেন- বিকেএমইএ'র সহ-সভাপতি হাবিবুর রহমান, মোহাম্মদ হাতেম, এএইচ আসলাম সানি ও শরাফত জামিল।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ১৫ জন শ্রমিকের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে তাদের গ্র"প বীমার এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
বিগত বিএনপি-জোট সরকারকে হায়ানার সরকার আখ্যায়িত করে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, বিএনপি সরকার আদমজী জুট মিল বন্ধ করে হাজার হাজার শ্রমিককে চাকুরিচ্যুত করে পথে বসিয়ে ছিলো।
তিনি বলেন, যে সব পোশাক কারখানার মালিক ঈদের আগে যথাসময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি ভাতা পরিশোধ করতে পারবে না- তাদের ব্যবসা করতে দেওয়া হবে না।
এদিকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, পঞ্চবটি বিসিক শিল্পনগরীর ভেতরে দু'টি প্রধান রাস্তার একটি বন্ধ করে সেখানে মঞ্চ বানিয়ে ও সামিয়ানা টাঙ্গিয়ে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।
চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার মধ্যে সমাবেশটি চলে। এমনকি সাংবাদিকদের বসার জন্য নির্ধারিত আসনগুলোও বেদখল হয়ে যায়।
মঞ্চ থেকে অনুষ্ঠানের আয়োজকরা বার বার আহবান জানিয়েও শেষ পর্যন্ত সমাবেশস্থলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেননি।
আমন্ত্রণপত্রে সংসদ সদস্যদের নাম নেই
অনুষ্ঠান উপলক্ষে বিকেএমইএ'র বিতরণ করা আমন্ত্রণপত্রে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের নাম ছিলো না। তবে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের ইসদাইরের ওসমানী স্টেডিয়ামে বিকেএমইএ আয়োজিত শ্রমিক উৎসবের আমন্ত্রণপত্রে স্থানীয় কোনো সংসদ সদস্যের নাম না থাকায় নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি হিসেবে সেলিম ওসমান সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24