ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভূমিকম্পের ঝুঁকিমুক্ত বহুতল ভবন নির্মাণে নির্মাতা ও ডেভেলপারদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বলেছেন, নদী-নালা, খাল-বিল, পুকুর-লেক ভরাট না করতে।
শেখ হাসিনা বলেছেন, প্রতিটি গৃহায়ণ প্রকল্পে পর্যাপ্ত সংখ্যক রাস্তাঘাট, খেলার মাঠ, পার্কের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া পরিবেশ সংরক্ষণের স্বার্থে নদী-নালা, খাল-বিল, পুকুর-লেক ইত্যাদি ভরাট করা যাবে না।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে রিহ্যাব ভিশন ফেয়ার-২০১০ উদ্বোধনের সময় বিল্ডার ও ডেভেলপারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের ওপর চাপ কমাতে ঘরের ভিতর দিয়ে আলো ও বিশুদ্ধ বাতাস চলাচলের ব্যবস্থা রেখে বহুতল ভবন নির্মাণ করতে হবে।
বিপুল সংখ্যক মানুষের বাসস্থানের সমস্যা সমাধানে রিহ্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, "জনগণের অশ্র" ঝরে এমন কোনো কাজ ডেভেলপারদের করা উচিত নয়।"
শেখ হাসিনা জনগণের বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে যত্রতত্র বাড়ি-ঘর নির্মাণ ও কৃষি জমি নষ্ট না করার আহ্বান জানান। তিনি সবদিক বিবেচনায় রেখে পরিকল্পনামাফিক জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং একতলা ও দ্বিতীয় তলা বাড়ির পরিবর্তে বহুতল ভবন নির্মাণের ওপর জোর দেন।
তিনি বিদ্যুতের ওপর চাপ কমাতে সোলার প্যানেল প্রতিষ্ঠার পাশাপাশি লেক ও জলাধার নির্মাণের জন্য রিহ্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান।
বহুল আলোচিত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, "স্থানীয় বাসিন্দা, জন-প্রতিনিধি ও বেসরকারিখাতের পরামর্শ নিয়ে ড্যাপ চূড়ান্ত করা হবে।" এটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরী একটি পরিকল্পিত নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান সরকার ১২শ' কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার পরিবারকে ২০১৪ সালের মধ্যে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।
রিহ্যাব সভাপতি নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন
bdnews24