সাভার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে শতাধিক বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়েছে।
পুলিশের উপস্থিতিতে তিনশ' ২৭ শতাংশ জমির ওপর থাকা ঘর-বাড়ি উচ্ছেদের পর লাল নিশান লাগিয়ে দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশে এই জমি দখলমুক্ত করা হয়েছে বলে পুলিশ ও জমির মালিকানা দাবিকারী স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন।
তবে ক্ষতিগ্রস্তরা বলেছেন, তারা জানতেন না এই জমি নিয়ে আদালতে মামলা ছিলো।
বৃহস্পতিবার সকালে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া ও বড়ওয়ালিয়া মৌজায় এই দখল উচ্ছেদ হয়।
সরেজমিনে ঘুঘুদিয়া ও বড়ওয়ালিয়া মৌজায় গিয়ে দেখা গেছে, অর্ধশত পুলিশ সদস্যের উপস্থিতিতে স্থানীয় মজিবুর রহমানের নেতৃত্বে শতাধিক ব্যক্তি মাথায় লাল ফিতা বেঁধে শাবল ও হাতুড়ি দিয়ে বাড়ি-ঘর ভাংচুর করছে।
বাড়ির লোকজনদের ঘর থেকে বের করে দিয়ে তারা জমিতে লাল নিশানা গেড়ে দেয়।
এ সময় ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙ্গে পড়ে।
ক্ষতিগ্রস্ত নূর জাহান বেগম বলেন, তার ৭০ শতাংশ জমির উপর দুটি আধাপাকা ঘর, একটি পুকুর ও ফসলি জমি রয়েছে।
সকালে হঠাৎ করে পুলিশ নিয়ে তাদের ঘর থেকে বের করে দেন মজিবুর ও তার লোকজন। পরে তারা তার বাড়ি ভাংচুর করে।
ভাংচুরের সময় ঘর থেকে তারা সব মালামাল বের করতে পারেননি বলে তিনি দাবি করেন।
নূর জাহান দাবি করেন, বাপ-দাদার আমল থেকে পরিবার পরিজন নিয়ে তারা এই জমিতে বসবাস করে আসছেন। এখন সেই জমি দখল করে নিলেন মজিবুর। এখন তাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।
ব্যবসায়ী ওসমান গণি জানান, তার আধাপাকা বাড়িটি ভাংচুর করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে।
নবী হোসেন নামে আরেক ব্যক্তি জানান, সাত বছর আগে স্থানীয় বাসিন্দা মাওলানা কিয়ামউদ্দিনের কাছ থেকে ২৯ শতাংশ জমি কিনে একটি আধাপাকা বাড়ি তৈরি করেন তিনি।
হঠাৎ করেই আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে মজিবুর রহমান পুলিশ ও লোকজন নিয়ে এসে ঘরবাড়ি ভাংচুর শুরু করেন। দখল করে নেন জমিটি।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, তারা আদালতের নির্দেশে এসেছেন, যাতে জমি দখলে কোন বাধা কিংবা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।
কোনো ম্যাজিস্ট্রেট এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের পরিবর্তে একজন আইনজীবী এসেছেন।
অ্যাডভোকেট শাহ আলম বলেন, "আমাকে আদালত ম্যাজিস্ট্রেটের পরিবর্তে কমিশনে পাঠিয়েছে।"
তিনি জানান, মজিবুর রহমানের বাবা রইজ উদ্দিন ১৯৬১ সালে ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে ওই এলাকার আব্দুর রাজ্জাকসহ ৩১ জনকে বিবাদি করে দেওয়ানি মামলা করেন। যার নম্বর-১১৭/৬১।
মামলা চলাকালীন বাদি মারা যান। তার ছেলে মজিবুর রহমান গত ৬ জুলাই ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালত থেকে তার পক্ষে রায় পান।
ওই রায় অনুযায়ী ঘুঘুদিয়া মৌজার ১০২, ১৭৫, ৩২৭, ৩৯৭, ১৭৩, ১৪৯ ও বড়ওয়ালিয়া মৌজার ১১২৭, ১১৩৩ নম্বর দাগের ৩২৭ শতাংশ জমি দখলে নেওয়া হচ্ছে।
মজিবুর রহমান বলেন, "আমাদের পৈত্রিক সম্পত্তি দখল হয়ে গিয়েছিলো। বাবা মামলাও করেছিলেন। ১৯৯৪ সালে বাবা মারা যাওয়ার পর আমি মামলা চালিয়ে রায় পাই।"
নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, রায় অনুযায়ী প্রশাসনের সহায়তায় জমির দখল বুঝে নিচ্ছেন তিনি।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর হোসেনও জানান, ওই জমি নিয়ে মামলা ছিলো। তিনি শুনেছেন আদালতের নির্দেশে এলাকার মজিবুর রহমান জমির দখল নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24