২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মামুনের অর্থ পাচার মামলার শুনানি পেছালো

তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 08:45 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে। আসামি পক্ষের এক আবেদনে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ৪ জানুয়ারি মামলাটির গ্রহণযোগ্যতার (আমলে নেওয়ার) শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। মামলাটি খারিজ চেয়ে আসামিদের আবেদন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে দাবি করে তাদের আইনজীবী শুনানি মুলতবির আবেদন জানায়। এ বক্তব্যের সমর্থনে আদালতে নথিপত্র দাখিল করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর এ শুনানি পিছিয়ে দিয়ে বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল। গত ৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয়, তাদের দুজনের যোগসাজসে ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচার করা হয়েছে। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ব্যাপক প্রভাবের অধিকারী হিসেবে পরিচিত তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা হয়েছে। গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৩৭ ঘ.