২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেল হত্যা দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার চট্টগ্রামে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 04:24 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার চট্টগ্রামে জেল হত্যা দিবস পালিত হয়েছে। নগরী ও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ আলোচনা সভা, সমাবেশ, মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা হয়। সংগঠনের সহ-সভাপতি কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি সুনীল সরকার, বখতেয়ার উদ্দিন খান, শফিকুল ইসলাম ফারুক, যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, যারা বায়ান্নতে ভাষা আন্দোলন এবং একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই পঁচাত্তরে বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতাকে হত্যা করে দেশকে ধবংস করতে চেয়েছিল। সভায় বক্তারা জাতীয় চারনেতা হত্যার বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। অপরদিকে নগরীর মোমিন রোডে একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সমাবেশ করে। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২১৬ ঘ.