২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে ভিজিএফ, মাথাপিছু ১০ কেজি চাল

ঈদুল আজহার আগে ভালনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) এর আওতায় দেশের প্রায় ৪১ লাখ দরিদ্র মানুষকে বিশেষ খাদ্য সহায়তা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার আগে ভালনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) এর আওতায় দেশের প্রায় ৪১ লাখ দরিদ্র মানুষকে বিশেষ খাদ্য সহায়তা দেবে সরকার। এ লক্ষ্যে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর বুধবার ৪০ হাজার ৮৩০ মেট্রিক টন চাল জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে ছাড় দিয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরাদ্দ করা চাল জনপ্রতিনিধিদের মাধ্যমে ভিজিএফ কার্ডধারী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।" মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শায়লা ফারজানা স্বাক্ষরিত এক বরাদ্দপত্রের মাধ্যমে এ চাল বরাদ্দ দেওয়া হয়। দেশের প্রায় ৪০ লাখ ৮৩ হাজার হতদরিদ্র বা দুঃস্থ মানুষকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে। ভিজিএফ কার্ডধারীরা মাথাপিছু ১০ কেজি করে চাল পাবে। এরমধ্যে ৩০৯টি পৌরসভার পাঁচ লাখ ৮৩ হাজার মানুষ পাঁচ হাজার ৮৩০ মেট্রিক টন এবং ৪৮৩টি উপজেলার ৩৫ লাখ মানুষ ৩৫ হাজার মেট্রিক টন চাল পাবে। ঈদুল আজহার আগেই জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে এ চাল দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে বলে বরাদ্দপত্রে বলা হয়। জহিুরুল হক জানান, জেলা প্রশাসকরা (ডিসি) ঈদের আগে জনপ্রতিনিধিদের মাধ্যমে এ চাল বিতরণের ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২০৩৪ ঘ.