২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে হেলমেট বিক্রি, দামও চড়েছে; কিন্তু,,,

মটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার বেড়েছে। তবে তা কি বাধ্য হয়ে, না সচেতনতা থেকে- সে প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিকুল ইসলাম মিলটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটর সাইকেল চালকদের অনেকেই এখন কিনছেন হেলমেট। ফলে বিক্রি বেড়েছে, তবে এ সুযোগে বিক্রেতারা দামও বাড়িয়েছেন বলে অভিযোগ এসেছে। তবে নিজের সুরক্ষার জন্য নয়, বরং পুলিশের হাত থেকে বাঁচতেই যে হেলমেটের ব্যবহার বেড়েছে, তা বোঝা গেল সংশ্লিষ্টদে সঙ্গে কথা বলে। যানচালক ও পথচারীদের নির্ধারিত কয়েকটি আচরণ নিশ্চিত করতে গত ১ নভেম্বর থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এতে মামলা ও জরিমানার সম্মুখীন হতে হচ্ছে হেলমেটবিহীন মটর সাইকেল আরোহীদের। অভিযানের প্রথম দুই দিনে হেলমেট না পরে মটর সাইকেল চালানোর অভিযোগে ৪১৬টি মামলা হয়। ঢাকার বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পর থেকে হেলমেট বিক্রি বেড়েছে। ইস্কাটন এলাকার ব্রাদার্স মটরসের মালিক সোলায়মান বাদশা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে এক মাসে যে পরিমাণ হেলমেট বিক্রি হতো, গতকাল (১ নভেম্বর) একদিনেই তা বিক্রি হয়েছে।" ইস্কাটনের আরেক দোকান মদিনা মটরসের মালিক আব্দুল আলী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দোকানে আগে দিনে ১২ থেকে ১৩টি হেলমেট বিক্রি হলেও এখন হচ্ছে ২৫ থেকে ৩০টি। সুরক্ষার জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করা হলেও শুধু আইনের ফাঁক গলে বাঁচতে অনেকে সস্তা হেলমেট খুঁজছেন। তবে তা বিক্রি করলেও এতে মাথার সুরক্ষা নিশ্চিত হবে না বলে মনে করছেন বিক্রেতারাই। "বেশিরভাগ ক্রেতাই ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে সস্তা প্লাস্টিকের হেলমেট খোঁজে। ওই হেলমেটে মাথা বাঁচবে না, শুধু পুলিশের কাছ থেকে বাঁচা যাবে", বলেন বাবুল। বংশালের কনকর্ড এন্টারপ্রাইজের মালিক শেখ নাসির উদ্দিন বলেন, "১০০ থেকে ১৫০ টাকা দামের হেলমেটগুলো সেফ না। তাই আমরা ওই হেলমেটগুলো বিক্রি বন্ধ করে দিয়েছি। ৪০০ থেকে ১০০০ টাকার মধ্যে হেলমেটগুলো বেশি বিক্রি হচ্ছে।" এদিকে ক্রেতাদের অভিযোগ, বিক্রি বেড়ে যাওয়ায় হেলমেটের দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। বাংলা মোটরে হেলমেট কিনতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহরার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্রেতারা সুযোগ বুঝে দাম বেশি নিচ্ছে। যে হেলমেট ক'দিন আগেও ৫০০ টাকা ছিলো, তা এখন ৮০০ টাকা চাইছে।" দাম বেড়ে যাওয়ায় অনেকে কম দামি হেলমেটের দিকে ঝুঁকছে বলে দাবি করেন তিনি। একই অভিযোগ করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী আব্বাস আজিজ। তিনি বলেন, "মটর সাইকেল চালকরা হেলমেট বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। যে দাম চাচ্ছে, সেই দামেই হেলমেট কিনতে হচ্ছে।" চালকদের হেলমেট পরার প্রবণতাকে সাধুবাদ জানালেও শুধু শাস্তি এড়াতে তা ব্যবহারে আইনি কড়াকড়ির মূল লক্ষ্য অর্জিত হবে না বলে মনে করছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জায়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযান শুরু হওয়ার পর এখন দেখুন, মানুষ দোকানে লাইন দিয়ে হেলমেট কিনছে। মাথা বাঁচানোর জন্য নয়, পুলিশের হাত থেকে বাঁচতে। কিন্তু বুঝতে হবে, মাথাটা পুলিশের নয়, তার নিজের।" "মানুষ সচেতন না হওয়া পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/২০০২ ঘ.