ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর এবং যশোরের বানাড়িপাড়ায় দুই শিশুশ্রমিক খুন হয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্রীপুরের চকপাড়া এলাকার শাহিন পোল্ট্রি ফার্মের ভেতর থেকে সুজনের (১০) জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। সে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার বাছেদপুর গ্রামের আব্দুল হক মতিয়ারের ছেলে। বাবার সঙ্গে চকপাড়া জসিম উদ্দিন দুলদুলের রাইস মিলে কাজ করতো সুজন।
যশোরের বাঘারপাড়ায় নিহত সবুজ (১৪) ইজিবাইক চালাতো। তার বাড়ি শহরের রাজারহাট এলাকায়। তার বিস্তারিত পরিচয় জানা জানা যায়নি।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি জানান, পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সুজনের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ফার্মের তালা খুলে সুজনের লাশ উদ্ধার কর হয়।
ফার্মের কেয়ারটেকার শামীম (২২) পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, "ধারণা করা হচ্ছে, শামীম সুজনকে খুন করেছে।"
এ ঘটনায় বুধবার সকালে সুজনের ভাই জুয়েল বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
যশোর প্রতিনিধি জানান, দৃর্বৃত্তরা সবুজের ইজিবাইকে চড়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘারপাড়ার বন্ধেঘাটা সেতুর পাশে নিয়ে তাকে কুিপয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যার অজ্ঞাতপরিচয় কিছু লোক সবুজের ইজিবাইক যশোর সদর হাসপাতাল থেকে ভাড়া করে বাঘারপাড়ায় নিয়ে যায়। অনেক ঘোরাঘুরি করে রাত ১০টার দিকে তারা সবুজকে নিয়ে যায় বন্ধেঘাটা সেতুর কাছে।
তিনি বলেন, "সেখানে নিয়ে তারা সবুজের ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সবুজ বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
"পথচারীরা বিষয়টি দেখে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সবুজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫৭ ঘ.
bdnews24