কক্সবাজার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাহাড় কাটার অভিযোগে একটি আবাসন কোম্পানির কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে কক্সবাজারে মামলা হয়েছে।
আসামিদের মধ্যে ১০ চিকিৎসক, তাদের কয়েকজনের স্ত্রী এবং একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাও রয়েছেন।
কক্সবাজার সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা মো. শাহেদ বাদি হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।
কক্সবাজার মডেল থানায় ইমারত নির্মাণ আইনে মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাজাহান।
তিনি সাংবাদিকদের জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বলেন, "রোববার আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখলাম বাইরে দিকে বেড়া দিয়ে পাহাড় কাটা হচ্ছে।"
তিনি বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আসামিরা হলেন- আইডিয়াল রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, মো. জাহেদুল হাসান মনির, কক্সবাজার শহরের এ কে এম মোশাররফ হোসেন, তার স্ত্রী জিন্নাতুনেছা খানম, ফুয়াদ আল-খতীব হাসপাতালের চিকিৎসক ও রামু উপজেলা জামায়াতের আমির ডা. মো. শাহ আলম, একই হাসপাতালের চিকিৎসক ডা. এ এইচ এম সরোয়ার, ডা. মো. আবদুল আউয়াল প্রামাণিক, দক্ষিণ তারাবনিয়ারছড়ার প্রকৌশলী নেছার আহমদ ভুঁইয়া, তার স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে রাজিয়া আক্তার, চট্টগ্রামের জামাল খাঁন এলাকার ডা. এ কে এম ফজলুল হক, পাঁচলাইশ এলাকার ডা. মো. আনোয়ারুল হক চৌধুরী, ঢাকা মহাখালীর ডা. মো. মাহবুবুর রহমান, পটিয়ার মনশা এলাকার ডা. মো. নূরুল আমিন চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. শাহা আলম, তার স্ত্রী ডা. সৈয়দা হুমায়রা বেগম, সাতকানিয়া এলাকার ডা. মো. আবদুর কাদের, ঢাকা কোতয়ালি এলাকার সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ, চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া এলাকার আবু তাহের, ঢাকা মিরপুর এলাকার মো. আবদুস সাহিদ পাটোয়ারী, ঢাকার দক্ষিণ আজিমপুর এলাকার খায়রুল ইসলাম, শিরিন ইসলাম, কক্সবাজারের মাঝেরঘাট এলাকাল জাহেদা খানম।
আবাসন কোম্পানি আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেড এর নামে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের নতুন জেলা কারাগারের সামনে ও নতুন পুলিশ লাইনের পাশের এলাকায় গত অক্টোবর থেকে পাহাড় কাটা শুরু হয়।
প্রকাশ্যে শ্রমিক দিয়ে পাহাড় কেটে পিকআপে করে হোটেল মোটেল জোনে মাটি বিক্রি করা হয়।
গত ১৬ অক্টোবর বন বিভাগ অভিযান চালিয়ে মাটিভর্তি ২টি রেজিষ্ট্রেশনবিহীন পিকআপ জব্দ করে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম সাংবাদিকদের বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করলে কেউ রেহাই পাবে না।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এম ইব্রাহিম খলিল মামুন বলেন, আইডিয়াল রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠান বেড়া দিয়ে পাহাড় কাটছিলো। বিষয়টি জানার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, ঘটনাটি জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদকে অবহিত করা হলে তিনিও ঘটনাস্থল পরিদর্শনে যান।
ইব্রাহিম দাবি করেন, তারা ঘটনাস্থলে গেলেও আবাসন কোম্পানির লোকজন তাদের বেড়ার ভেতর ঢুকতে দেননি।
আইডিয়াল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ঢাকায় থাকেন জানিয়ে সাংবাদিকদের প্রশ্ন করেন, "আমি কিভাবে পাহাড় কাটবো?"
তিনি আরো বলেন, মামলা হওয়ার বিষয়টি তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24