২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউএফপিকে সহায়তা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তা বাড়াতে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তা বাড়াতে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। মঙ্গলবার ডব্লিউএফপি প্রতিনিধি ও আবাসিক পরিচালক ক্রিস্টা রাডার মন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আব্দুর রাজ্জাক বলেন, "বাংলাদেশ খাদ্য উৎপাদনে সফলতা পেলেও এখনো খাদ্যশস্য আমদানি করতে হয়। তাই বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি'র সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন।" বর্তমানে এশিয়া অঞ্চলের চেয়ে আফ্রিকা ও সাব-সাহারা অঞ্চলে ডব্লিউএফপি বেশি পরিমাণে সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ডব্লিউএফপি কর্মকর্তাকে খাদ্যমন্ত্রী জানান, দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে মোট বাজেটের প্রায় ১২ শতাংশই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ন্যূনতম খাদ্য চাহিদা পুরণ করা হচ্ছে। গত দু'বছর দেশের উত্তরাঞ্চলে মঙ্গা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইসঙ্গে দেশের উপকূলীয় এলাকায়ও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমান সরকার কৃষি উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য পরিস্থিতি নিয়ে ২০০৭ ও ২০০৮ সালের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সরকারের কাছে অর্থ থাকলেও আমদানির জন্য খাদ্যশস্য পাওয়া যায়না। তাই সরকার এখন দেশীয় উৎপাদন বাড়াতে বেশি তৎপর। ডব্লিউএফপি প্রতিনিধি বলেন, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তা দিচ্ছে ডব্লিউএফপি। এ খাতে আগামী বছরের জন্য সহায়তার পরিমাণও নির্ধারণ করা হয়েছে। ক্রিস্টা রাডার বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ডব্লিউএফপি'র সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষতে সহায়তার পরিমাণ আরো বাড়ানোর আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১৩০ ঘ.