ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুর ও নড়াইলে দুজন খুন হয়েছে।
সোমবার রাতে এই দুটি হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
এছাড়া বরিশালের সন্ধ্যা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর: মাদারীপুর পৌর শহরের পাকদী গ্রামে চার বছরের শিশু নোমান কাজীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ফুফু।
রাতেই পুলিশ তার ফুফু ইয়াসমিন আক্তারকে (২৭) গ্রেপ্তার করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার।
মাদারীপুর সদর থানার ওসি মো. আবদুল কাইয়ুম আলী সরদার সাংবাদিকদের জানান, সোমবার রাতে শওকত কাজীর ছেলে নোমান ও ভাগ্নে হাসিবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন ইয়াসমিন।
ঘটনার পরপরই মারা যায় নোমান। আহত অবস্থায় হাসিবকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ইয়াসমিনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ইয়াসমিনের চাচাতো ভাই সোবাহান জানান, তিনি (ইয়াসমিন) মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নড়াইল: নড়াগাতি থানার চরসিংগাতি গ্রামের একটি বিলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মঙ্গলবার সকালে নড়াগাতি থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নড়াগাতি থানার ওসি মো. আশরাফ হোসেনে সাংবাদিকদের জানান, বিলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বরিশাল: উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বাশেরহাট এলাকা থেকে অর্ধগলিত ওই লাশ উদ্ধার করা হয়।
উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে সন্ধ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।
লাশটি অর্ধগলিত, তাই চেহারা চেনা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24