২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন প্রদানের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 08:09 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন প্রদানের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ করেছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রাখে। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় রানস অ্যাপারেলস নামের একটি পোশাক করখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও অতিরিক্ত কাজের মজুরি প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে কাজ বন্ধ রেখে কারখানার বাইরে বিক্ষোভ করতে থাকে। তারা নভেম্বর মাসে পরিশোধযোগ্য অক্টোবর মাসের বেতন ও অতিরিক্ত কাজের মজুরি সরকার ঘোষিত নতুন কাঠামো অনুযায়ী প্রদানের দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের এই দাবিকে অযৌক্তিক বলায় তারা ক্ষুব্ধ হয়ে সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে। এ সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করলে তারা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়। ওসি জানান, এ ছাড়া আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) সিনহা গ্র"পের একটি সোয়েটার কারখানার শতাধিক শ্রমিক পিস রেট বাড়ানোর দাবিতে সকাল ৯টায় কাজ বন্ধ রেখে প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা প্রতিষ্ঠানের দুই ফ্লোর ইনচার্জ আবদুল লতিফ ও আহাদ মিয়াসহ ৫ জনকে বেদম প্রহার করে। প্রহৃত অপর তিনজনের নাম পাওয়া যায়নি। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। সকাল সাড়ে ১০টার দিকে সিনহা গ্র"পের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। ওসি বলেন, "ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৮ ঘ.