২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জের ঘটনায় আরেকটি মামলা

রূপগঞ্জের ঘটনায় বাড়িতে হামলার অভিযোগ এনে এবার একটি মামলা করেছে স্থানীয় একজন। র‌্যাব-পুলিশ-সেনাবাহিনী এবং নিহত মোস্তফা জামাল হায়দারের পরিবারের পর এটি নিয়ে মামলার সংখ্যা পাঁচ-এ দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপগঞ্জের ঘটনায় বাড়িতে হামলার অভিযোগ এনে এবার একটি মামলা করেছে স্থানীয় একজন। র‌্যাব-পুলিশ-সেনাবাহিনী এবং নিহত মোস্তফা জামাল হায়দারের পরিবারের পর এটি নিয়ে মামলার সংখ্যা পাঁচ-এ দাঁড়ালো। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের জানান, রোববার সাড়ে ১১টায় টান মুশুরী এলাকার জুলহাস মিয়া বাদি হয়ে তার বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে নতুন মামলাটি করেছেন। সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে গত ২৩ অক্টোবর উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকা। র‌্যাব-পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক। হায়দার পরদিন হাসপাতালে মারা যান। জুলহাস মিয়ার অভিযোগ, ঘটনার দিন তার বাড়িতে হামলা চালিয়ে ১০ লাখ ৮০ হাজার টাকার সম্পদ ভাংচুর এবং নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। পাঁচটি মামলা হলেও এসব মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানায়। রূপগঞ্জের ঘটনায় ২৩ অক্টোবর রাতেই পুলিশ ও র‌্যাব অজ্ঞাত ৩/৪ হাজার লোককে আসামি করে দুটি মামলা করে। এরপর গত ২৮ অক্টোবর সেনাবাহিনীর ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার মো. আমিনুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে আরেকটি মামলা করে। নিহত হায়দারের বাবা আব্দুর রফিক গত ৩০ অক্টোবর অন্য মামলাটি করেন। এছাড়া সেদিনের পর থেকে নিখোঁজ সমসের মোল্লা, মাসুদ ও সাইদুর ইসলামের পক্ষে তাদের অভিভাবকরা তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.