২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় সিলভার সেলিমসহ ১৫ আসামি খালাস

চিংড়ি ঘের লুট ও চাঁদাবাজির একটি মামলায় সিলভার সেলিমসহ ১৫ আসামিকে খালাস দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

বাগেরহাট, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি ঘের লুট ও চাঁদাবাজির একটি মামলায় সিলভার সেলিমসহ ১৫ আসামিকে খালাস দিয়েছে বাগেরহাটের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেলায়েত হোসেন এই আদেশ দেন। মো. আব্দুল হাকিম সেলিম ওরফে সিলভার সেলিম জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাবেক সাংসদ। অপর আসামিদের নাম জানা যায়নি। এরা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। রায় ঘোষণার সময় তারা সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ২৯ জুলাই মাসে সদর উপজলার সুনগর গ্রামের বাসিন্দা ও চিংড়ি ঘের ব্যবসায়ী শেখ মেজবাউজ্জামান টিপু রামপাল থানায় সেলিমসহ ১৫ জনের বিরুদ্ধে তার চিংড়ি ঘের লুট ও দশ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২ মে রাতে তৎকালীন সাংসদ সেলিমের নির্দেশে আসামিরা রামপাল উপজেলার কৈগর্দাশকাঠি মৌজার বেন্নাবাড়িয়া গ্রামে মেজবাউজ্জামান টিপুর একশ' একরের একটি চিংড়ি ঘেরে হামলা চালিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা ঘেরের মাছ বিক্রির সাড়ে পাঁচ লাখ টাকা লুট করে এবং বাকি টাকা পরে পরিশোধ করতে বলে। টিপু ওই ঘটনার পাঁচ দিন পর প্রাণভয়ে বাকি সাড়ে চার লাখ টাকা পরিশোধ করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিলভার সেলিমের বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় চাঁদাবাজি ও দখলবাজির নয়টি মামলা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৫১ ঘ.