২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমান উদ্ধার হয়নি, অভিযান সমাপ্ত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের অবস্থান চিহ্নিত হলেও ২৮ ঘণ্টা অভিযান চালিয়েও তা উদ্ধার করতে পারেনি ডুবুরিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের অবস্থান চিহ্নিত হলেও ২৮ ঘণ্টা অভিযান চালিয়েও তা উদ্ধার করতে পারেনি ডুবুরিরা। তবে সেনা ও নৌ-বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিখোঁজ বৈমানিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। রোববার বিকাল ৪টায় বিধ্বস্ত বিমানটিকে পরিত্যক্ত ঘোষণা করে ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ করে দেয় বলে জানান রাজশাহী দমকল সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীর ৪০ ফুট পানির নিচে বিমানটি পূর্ব-পশ্চিম দিকে লম্বালম্বী অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি উদ্ধারে ফ্লাইং ক্লাব একাডেমি লিমিটেড কর্তৃপক্ষ আগ্রহী নয়। যে কারণে নিখোজ পাইলটের লাশ উদ্ধারের পরই সেনা ও নৌ-বাহিনীর উদ্ধার কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। "এরপরও আমরা বিমানটি উদ্ধারে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চেষ্টা করেছি। মূলতঃ নিখোজ পাইলটকে উদ্ধার করা ছিল ডুবুরিদলের মূল উদ্দেশ্য। সে বিষয়ে আমরা সফল হয়েছি।" ফ্লাইং ক্লাবের সি-১৫২ বিমানটি শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌহালীর ওমরপুর এলাকায় বিধ্বস্ত হয়। সেসময় বিমানটিতে দুজন আরোহী ছিলেন। এর মধ্যে প্রশিক্ষণার্থী বৈমানিক শামসু উদ্দিন (২৪) কে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। এরপর তাকে ঢাকায় পাঠানো হয়। নিখোঁজ ছিলেন প্রশিক্ষক কামরুল হাসান (২৬)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কামরুল হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসন কামরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪০ ফুট পানির নিচে কামরুল হাসানের মৃতদেহ পলি মাটিতে ঢাকা পড়ে ছিলো। শনিবার সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ডুবুরিরা বিধ্বস্ত বিমানের সামান্য কিছু অংশ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে বিমানের একটি চাকা, জুতা, ব্যাগ ও এয়ারফোন। শনিবার ঘাটাইল থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ১০ সদস্যের একটি দল দুপুর ৩টায় সেখানে কাজ শুরু করে। সেনাবাহিনী, দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। ফ্লাইং ক্লাবের ওই বেসরকারি প্রশিক্ষণ বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পৌনে ১২টার দিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের দত্তকান্দি এলাকায় যমুনা নদীতে এটি বিধ্বস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দত্তকান্দি এলাকার আকাশে ৭/৮টি পাক দেয়। পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে বিমানের একটি পাখা ভেঙে যায়। এরপর তা নদীতে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/এইচএ/১৮৪০ ঘ.