সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিখোঁজ বৈমানিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিধ্বস্ত বিমানটির অবস্থানও সনাক্ত হয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
ফ্লাইং ক্লাবের সেসনা বিমানটি শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌহালীর ওমরপুর এলাকায় বিধ্বস্ত হয়। সেসময় বিমানটিতে দুজন আরোহী ছিলেন। এর মধ্যে প্রশিক্ষণার্থী বৈমানিক শামসু উদ্দিন (২৪) কে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। এরপর তাকে ঢাকায় পাঠানো হয়। নিখোঁজ ছিলেন প্রশিক্ষক কামরুল হাসান (২৬)।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুর্ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
তিনি বলেন, রোববার সকাল ৬টায় ডুবুরীরা আবার অভিযান শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে কামরুল হাসানের মৃতদেহ র্দুর্ঘটনাস্থলের কাছ থেকে তারা উদ্ধার করেছে। বিধ্বস্ত বিমানটির অবস্থানও সনাক্ত হয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হয়। সন্ধ্যার পর অভিযান বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে আবারো অভিযান শুরু হবে।
এজন্য নৌ-বাহিনীর একটি দল ঢাকা থেকে রওনা হয়েছে বলেও তিনি জানান।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, ডুবুরিরা বিধ্বস্ত বিমানের সামান্য কিছু অংশ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে বিমানের একটি চাকা, জুতা, ব্যাগ ও এয়ারফোন।
ঘাটাইল থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ১০ সদস্যের একটি দল দুপুর ৩টায় সেখানে কাজ শুরু করে। সেনাবাহিনী, দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্লাইং ক্লাবের ওই বেসরকারি প্রশিক্ষণ বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পৌনে ১২টার দিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের দত্তকান্দি এলাকায় যমুনা নদীতে এটি বিধ্বস্ত হয়।"
স্থানীয়রা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দত্তকান্দি এলাকার আকাশে ৭/৮টি পাক দেয়। পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে বিমানের একটি পাখা ভেঙে যায়। এরপর তা নদীতে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৪৮ ঘ.
bdnews24