২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

উৎপাদন মজুরি কম দেওয়ার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল এলাকায় একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

গাজীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন মজুরি কম দেওয়ার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল এলাকায় একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ করে। শনিবার সকালে এই বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় কারখানার কয়েকজন কর্মকর্তা আহত হন। পুলিশ এসে ব্যাপক তৎপরতা চালিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা ধীরে ধীরে সরে গেলে এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়ে আসে। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, পানিশাইলের মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিকদেরকে গত মাসের বেতন দেওয়া হয় গত বৃহস্পতিবার। উৎপাদন মজুরি কম ধরে বেতন দেওয়া হয়েছে অভিযোগ করে শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় শ্রমিকরা শনিবার কাজে যোগ না দিয়ে সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করে এবং কারখানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কারখানার কয়েকজন কর্মকর্তা তাদের বোঝানোর জন্য গেলে শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে মহাব্যবস্থাপক (জিএম) মো. হেলাল উদ্দিন, সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) মো. আব্দুল্যাহ ও জহির উদ্দিনসহ পাঁচ ছয়জন কর্মকর্তা আহত হন। এদের মধ্যে জিএম মো. হেলাল উদ্দিন, এপিএম মো. আব্দুল্যাহ ও জহির উদ্দিন স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশপাশের সবগুলো কারখানার চেয়ে তারা উৎপাদন মজুরি ভাল দেন। তারপরও শ্রমিকরা অযৌক্তিক দাবিতে শনিবার সকালে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কারাখানায় সকল বিভাগের শ্রমিকরা চলে যাওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৩ ঘ.