নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় এবার সেনাবাহিনী মামলা করেছে।
এ নিয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী বাদি হয়ে পৃথক তিনটি মামলা করলো।
ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকা সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিট-৩৪ এর ওয়ারেন্ট অফিসার আমিনুর রহমান বাদি হয়ে মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে।
সেনা সদস্যদের মারধর, হত্যার প্রচেষ্টা, গুরুতর জখম, সেনাক্যাম্পে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে করা এই মামলায় অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় ৪৫ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।
অপরদিকে একই রাতে টান মুশুরী এলাকার ব্যবসায়ী জুলহাস মিয়া বাদি হয়ে ওই এলাকার ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
এতে বলা হয়, তার বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনা নিয়ে শনিবার রূপগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
এতে অন্তত ১৮ জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন।
এছাড়া তিনজন নিখোঁজ থাকার কথা উল্লেখ করে তাদের পরিবার থানায় পৃথক তিন সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
সেনাবাহিনীর মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার।
তিনি সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর মামলায় রূপগঞ্জ আর্মি হাউজিং স্কিম (এএইচএস) প্রকল্পের টান মুশুরী আর্মি ক্যাম্প, নাওরা ক্যাম্প, পূর্বগ্রাম ক্যাম্প, বাড়িয়াছনি ক্যাম্প ও প্রকল্প কার্যালয়ে কর্তব্যরত ১৩৮ জন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যকে সাক্ষী করা হয়েছে।
ওসি আরো জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত হওয়া তিনটি মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, ব্যবসায়ী জুলহাস মিয়া লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মোহাম্মদ আখেরুজ্জামান জানান, মামলাটি নথিভুক্ত করে উপ-পরিদর্শক (এসআই) আহসান উল্লাহকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর মামলায় শনিবারের ঘটনার উল্লেখ করে অভিযোগ তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে উপজেলার বাড়িয়াছনি, মুশুরী, পূর্বগ্রামসহ আশপাশের এলাকার কিছু 'উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী' রূপগঞ্জ-খিলক্ষেত ও রূপগঞ্জ-ডেমরা সড়কের স্থানে স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সকাল ৬টায় গ্রামবাসী ও বহিরাগতরা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উত্তেজনামূলক বক্তব্য দেয়। এরপর তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অশ্ল
bdnews24