মাদারীপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া বাড়ানোর দাবিতে কাওড়াকান্দির স্পীডবোট ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাওয়া ঘাটের স্পীডবোট মালিক ও চালক সমিতি শুক্রবার সকালে ধর্মঘট শুরু করেছে।
এর ফলে দুই পাড়ে প্রায় ৪ শতাধিক স্পীডবোট চলাচল বন্ধ রয়েছে। উভয় পাড়ের স্পীডবোটের যাত্রীরা সমস্যায় পড়েছেন।
কাওড়াকান্দি স্পীডবোট মালিক ও চালক সমিতি জনপ্রতি ভাড়া ১০ টাকা বাড়িয়ে ১২০ টাকা করার দাবিতে গত বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু করে।
কাওড়াকান্দি স্পীডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, "মাওয়া ঘাটের স্পীডবোট মালিক ও চালক সমিতি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুক্রবার সকাল থেকে স্পীডবোট চলাচল বন্ধ করে দিয়েছে।"
ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "কিছুদিন আগেও কাওড়াকান্দি ঘাট থেকে কম দূরত্বের পথ দিয়ে মাওয়া ঘাটে যাতায়াত করতো স্পীডবোটগুলো। বর্তমানে নদীতে নাব্যতা সংকট ও চর পড়ে যাওয়ায় অনেক বেশি পথ ঘুরে কাওড়াকান্দি-মাওয়া ঘাটে আসা যাওয়া করতে হচ্ছে। এ কারণে ভাড়া জনপ্রতি ১০ টাকা বাড়ানোর দাবিতে মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী বোট চালকরা বুধবার সকাল ১১টা থেকে বোট চালানো বন্ধ করে দিয়েছে।"
তিনি বলেন, "১০ টাকা ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত কাওড়াকান্দি ঘাটের কোন স্পীডবোট চলাচল করবে না।"
দেলোয়ার হোসেন আরো বলেন, "জেলা ও উপজেলা প্রশাসন এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে কোন ধরনের আলোচনা করেনি।"
দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো মাওয়া-কাওড়াকান্দি রুট ব্যবহার করে। দ্রুত পারাপারের জন্য ফেরি ও লঞ্চের বদলে অনেক যাত্রী স্পীডবোটে নদী পার হন। ধর্মঘটের কারণে এ ধরনের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৪ ঘ.
bdnews24