২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামির জামিন

রাষ্ট্রপক্ষের বিরোধিতার মধ্যেই সাংবাদিক গৌতম দাস হত্যামামলায় কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামি আসিফ ইমরানকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষের বিরোধিতার মধ্যেই সাংবাদিক গৌতম দাস হত্যামামলায় কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া আসামি আসিফ ইমরানকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম জামিনের এ আদেশ দেন। আসিফ গত ২১ এপ্রিল আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যান। সেদিন আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নাকচ করেছিলেন আদালতের তৎকালীন বিচারক ঋষিকেষ সাহা। পরে ২৬ অগাস্ট র‌্যাব গ্রেপ্তার করে আসিফকে। ২০০৫ সনের ১৭ নভেম্বর ফরিদপুরে নিজের কার্যালয়ে খুন হন দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরোপ্রধান গৌতম। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে গৌতমকে খুন হতে হয়েছে। পরের বছর ১৯ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ওই বছরের ১ অগাস্ট ফরিদপুরের আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকার এ আদালতে স্থানান্তরিত হয়। কানিজ আকতার নাসরিনা খানম ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক। তিনি ১ নম্বর দ্রুত বিচার আদালতের মামলাগুলোর শুনানি মাঝেমধ্যে ভারপ্রাপ্ত বিচারক হিসাবে গ্রহণ করেন। বৃহস্পতিবার ছিলো মামলার যুক্তিতর্ক ও আসামি পক্ষের হাইকোর্টের একটি আদেশ দাখিলের তারিখ। আর এদিন জামিনের আবেদন করে পক্ষে আদেশ পেলেন আসিফ। তবে জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিন আদেশের পর এর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়ে আদেশ স্থগিতের আবেন করেছিলাম। বিচারক সে আবেদনসহ যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ৩ নভেম্বর তারিখ রেখেছেন।" "বিচারক ইচ্ছা করলে জামিন আদেশ স্থগিত রাখতে পারতেন", বলেন আবদুল্লাহ। আসিফ ইমরানের পক্ষে বৃহস্পতিবার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট টিএম আকবর । দ্রুত বিচার আদালতে এ মামলার বিচার কাজের জন্য ১৩৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া আছে। ওই সময় পার করে মামলাটি ফরিদপুরে আগের আদালতে ফেরত নিতে আসামি পক্ষ কৌশলে সময়ক্ষেপণ করছে বলে বাদি পক্ষের অভিযোগ। ফরিদপুরের আদালতে আসামি পক্ষ বিচারে প্রভাব সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহর। আসিফকে নিয়ে এখন এ মামলায় ১০ আসামি জামিনে রয়েছেন। অন্যরা হলেন- আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া ও আবু তাহের মতুর্জা এ্যাপোলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭১৭ ঘ.