ঝিনাইদহ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতার জেরে ঝিনাইদহের শৈলকুপায় অন্তত আট বিঘা জমির কলা ও শিম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানায়, গ্রামের প্রভাবশালী বাদশা শেখ ও মাহতাব আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
গত ২৬ জুন দু'দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে কুদ্দুস শেখ নামে একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই মারা যান।
তারই জের ধরে গত ২৭ অগাস্ট প্রায় ১০ বিঘা জমির ফসল কেটে নষ্ট করা হয়।
ক্ষতিগ্রস্ত এই চাষীরা বাদশা শেখের সমর্থক।
বুধবার উভয় পক্ষের মধ্যে আবার সহিংসতার পর গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে মুখোমুখি হয়। হামলা হয় মাহতাব আলীর তিন সমর্থকের বাড়িতে।
এছাড়া গ্রামের কয়েকজনের প্রায় আট বিঘা জমির কলা ও শিম গাছ কেটে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত গোলাম মোস্তফা দাবি করেন, তার এক বিঘা জমির শিম গাছ কেটে ফেলেছে মাহতাব আলীর লোকজন। এতে তার প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে।
মাহতাব আলী অভিযোগ করেন, বুধবার একটি মামলায় ঝিনাইদহ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বাদশা শেখের লোকেরা তার দুই সমর্থককে মারধর করে।
আজ (বৃহস্পতিবার) সকালে তার সমর্থক মোহম্মদ আলী, আতাহার আলী ও তাইজালের বাড়িতে তারা হামলা চালায় বলে তিনি অভিয়োগ করেন।
মাহতাব দাবি করেন, ভয়ে তারা বাড়ি ঘরে ফিরতে পারছেন না।
অপরদিকে বাদশা শেখ পাল্টা অভিযোগ করেন, মাহতাব আলীর লোকজন বুধবার শেখপাড়া বাজারে তার সমর্থক জামালকে মারধর করে।
শৈলকুপা থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ওই গ্রামে বৃহস্পতিবার সকালে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, গ্রামে দুই প্রভাবশালীর আধিপত্য বিস্তার নিয়ে শত্র"তা চলছে। এর আগেও সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24