ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপের হুমকি দিলেও বৈমানিকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বৈঠকের পর বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক
এমএ বাসিত মাহতাব এক সংবাদ সম্মেলনে বলেন, চার বৈমানিককে বরখাস্ত করার আদেশ এবং একজনকে দেওয়া কারণ দর্শাও নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত পাইলটরা কাজে যোগ দেবে না।
কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করলেই কর্মবিরতি তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। এর বাইরে বিমানের বৈমানিক রয়েছেন সাতজন।
বাপার সংবাদ সম্মেলনের এক ঘণ্টা আগে বলাকা ভবনেই এক সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈমানিকরা কাজে যোগ দেবেন।
বিমান হুঁশিয়ারি দিয়েছে, বৈমানিকরা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নোটিশও পাঠানো হয় তাদের।
বৈমানিকদের কর্মবিরতির কারণে দেশের পতাকাবাহী বিমান সংস্থার ফ্লাইটসূচি বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবারও চারটি ফ্লাইট বাতিল এবং তিনটি ফ্লাইটসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, সাময়িক সমস্যা হলেও বড় ধরনের কোনো জটিলতা এখনো হয়নি।
ফ্লাইটসূচি পরিবর্তন
শাহজালাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের বৃহস্পতিবারের অভ্যন্তরীণ রুটের ঢাকা-কক্সবাজার এবং আন্তর্জাতিক রুটের ঢাকা-দিল্লি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে ঢাকা-কলকাতা এবং ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটও।
দেরিতে ছাড়ছে তিনটি ফ্লাইট। অভ্যন্তরীণ রুটের ঢাকা-সিলেট ফ্লাইট দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সাড়ে ৬টায় ছাড়বে। ঢাকা-মাসকাত ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে দুপুর আড়াইটায় ছাড়বে। এছাড়া ব্যাংককমুখী সকাল সাড়ে ৮টার ফ্লাইটটি সাড়ে চার ঘণ্টা পর ছেড়ে যায়।
দুটি আন্তর্জাতিক ফ্লাইট একসঙ্গে করে পরিচালনা করা হচ্ছে। বাহরাইন ও কুয়েতের আলাদা দুটি ফ্লাইট এখন একসঙ্গে হয়ে রাত সাড়ে ৮টায় ছাড়বে।
এছাড়া সিঙ্গাপুরের দুটি ফ্লাইট একসঙ্গে হয়ে সকাল ৯টায় বিমানবন্দর ছেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24