২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরতে বৈমানিকদের ৪৮ ঘণ্টা সময় দিলো বিমান

কর্মবিরতি পালন করতে থাকা বৈমানিকরা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 05:38 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মবিরতি পালন করতে থাকা বৈমানিকরা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। কর্মবিরতিরত বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ও সাধারণ সম্পদককে এ সংক্রান্ত নোটিশ বৃহস্পতিবার সকালেই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। বেলা সোয়া ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ডিরেক্টর ফ্লাইট অপারেশন এবং বাপার সভাপতি ও সেক্রেটারির কাছে সকালেই নোটিশটি পাঠানো হয়েছে। তারপর ডিরেক্টর ফ্লাইট অপারেশন সংশ্লিষ্ট সব জায়গায় নোটিশটি পাঠিয়েছেন। নোটিশের কার্যকারিতা বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই শুরু হয়েছে।" বিমানের চলমান অবস্থা নিয়ে বুধবার সন্ধ্যায় জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। সভাশেষে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাজে যোগ দিতে বৈমানিকদের আগামীকাল বেলা ১১টায় নোটিশ দেওয়া হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তবে 'কঠোর' ব্যবস্থা কী সে বিষয়ে তিনি কিছু বলেননি। এ ব্যাপারে বাপা'র ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোটিশ পেয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে সেরাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় একশ ১৬ বৈমানিকের সংগঠন বাপা। এতে এলোমেলো হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসূচি। বুধবার এক সংবাদ সম্মেলনে বাপা'র সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহতাব বলেন, "চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার না হলে আমার আন্দোলন চালিয়ে যাবো।" এ প্রসঙ্গে বিমান চেয়ারম্যান জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপনাদের (সাংবাদিকদের) বলেছে, আপনার সমাধান করে দিন। আমাদের কেউ এরকম কিছু বলেনি।" বৈমানিক সঙ্কটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার একটি ফ্লাইট বাতিলসহ অন্তত পাঁচটি ফ্লাইটসূচিতে পরিবর্তন আনে। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের শতশত যাত্রীর। পরিবর্তন করতে হয় উড়োজাহাজ। পরিস্থিতি মোকাবিলায় চালকের আসনে বসতে হয় বিমান কর্মকর্তাদের। যাত্রীদের নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে উড়োজাহাজ পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছেন বাপা'র ভারপ্রাপ্ত সভাপতি জাকির হুসেইন ও সাধারন সম্পাদক এমএ বাসিত মাহতাব। এছাড়া বাপার সাবেক সভাপতি ক্যাপ্টেন এসএম হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর প্রতিবাদে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বাপা সদস্যরা। মঙ্গলবার রাতের মধ্যেই প্রায় ৫০ জন বাপা সদস্য অসুস্থতার কারণ দেখিয়ে কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করে। ফলে ভেঙে পড়ে বিমানের ফ্লাইটসূচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/১১৩৮ ঘ.