২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস রক্ষা কমিটির লং মার্চ এখন গাইবান্ধায়

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ গাইবান্ধায় পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

গাইবান্ধা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ গাইবান্ধায় পৌঁছেছে। দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখী এই লং মার্চ বগুড়া থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী হয়ে বুধবার সন্ধ্যায় জেলার শহরে পৌঁছায়। রাতে গাইবান্ধায় অবস্থান করে বৃহস্পতিবার রংপুরের উদ্দেশ্যে যাবে লং মার্চ। পথে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সমাবেশ করবে কমিটি। ২০০৬ সালে ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে এশিয়া এনার্জির বিরুদ্ধে জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি জানান, সন্ধ্যা সাতটায় জেলা শহরের বাস টার্মিনালে লং মার্চকে স্বাগত জানায় জাতীয় কমিটির জেলা শাখার নেতাকর্মীরা। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে তারা। জেলা কমিটির আহ্বায়ক মাজহার-উল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণ ফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস প্রমুখ। সমাবেশে আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশের খনিজ সম্পদের উপর বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর লোলুপ দৃষ্টি পড়েছে। আর তাদের স্বার্থ রক্ষায় নেমেছে দেশের এক শ্রেণীর দালাল ও আমলা। তিনি তেল-গ্যাসসহ জাতীয় সম্পদ রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বলেন, দেশে এখন বিদ্যুতের মহাসংকট চলছে। বিদ্যুতের অভাবে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে দরকার তেল-গ্যাস ও কয়লা। তিনি আরো বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সম্পদ ফুরিয়ে যাচ্ছে। তাই দেশের মাটির নিচে কিংবা সমুদ্রতলে যে তেল-গ্যাস কয়লা সম্পদ রয়েছে তা বর্তমানে ও ভবিষ্যত চাহিদা মেটানোর জন্য প্রয়োজন হবে। উম্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ, বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়া, রপ্তানি না করে খনিজ সম্পদ দেশের কাজে ব্যবহার এবং বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে জাতীয় কমিটি এই লং মার্চ করছে। রোববার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে এই লংমার্চ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৩ ঘ.