চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেলিভারি অর্ডার (ডি.ও) প্রথার অপব্যবহারের অভিযোগ এনে ব্যবসায়ীদের তীব্র সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তার মতে, ব্যবসায়ীরা এ প্রথাকে দুর্নীতিগ্রস্ত করেছেন।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক আবুল বশর জানতে চান, "ডিও প্রথা বাতিল হলে কী প্রক্রিয়ায় আমদানিকারকরা পণ্য বিক্রি করবেন?"
এর জবাবে তীব্র ভাষায় ব্যবসায়ীদের সমালোচনা করেন বাণিজমন্ত্রী। তিনি 'অযাচিতভাবে' ভোগ্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ আনেন ব্যবসায়ীদের বিরুদ্ধে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, "ডি.ও প্রথাকে নিয়ন্ত্রণ করলে সমস্যা হতো না। কিন্তু আপনারা এই পদ্ধতির মাধ্যমে এক কোটি টাকার বিনিময়ে দুই কোটি টাকার ব্যবসা করেছেন। আপনারাই ব্যবস্থাটাকে দুর্নীতিগ্রস্ত করেছেন। এখন ডি.ও বাতিলের বিরুদ্ধে বলছেন।"
"এ প্রথা বাতিল বা এর বিকল্প কী সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি," জানিয়ে তিনি বলেন, "করণীয় নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে।"
তিনি জানান, ডি.ও বাতিলের আগে অন্তবর্তী সময় দেওয়া হবে। হঠাৎ করে এটি বন্ধ করা হবে না।
দাম স্থিতিশীল রাখতে ভোজ্যতেল ও চিনি ব্যবসায় গত ১৪ অক্টোবর ডি.ও প্রথা বাতিলের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরীকে প্রধান করে ওই সময় ছয় সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানান বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন। কমিটি ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুপারিশ দেওয়ার কথা।
'এক ডি.ও চার দফায় বিক্রি হয় জেনেও আপনারা নিশ্চুপ'
বুধবারের আলোচনায় ব্যবসায়ী প্রতিনিধিদের বক্তব্যের পর নিজের বক্তব্যের শুরুতেই ফারুক খান বলেন, "আপনারা যত বড় কথা বলুন না কেন মানুষ আপনাদের শ্রদ্ধা করে না। সামনে সালাম দিলেও পেছনে গিয়ে মজুদদার বলে গালি দেয়। আমার এই অবস্থান থেকে আপনাদের মুক্ত করতে চাই।"
তিনি বলেন, "আগে যখন ডি.ও চালু ছিলো তখন এমপি ও বাণিজ্যমন্ত্রীদের কাছে প্যাকেট পাঠাতেন। এখন প্যাকেট পাঠাতে হয় না।"
সিএমসিসিআই'র সভাপতি আবদুচ ছালামের সভাপতিত্বে আলোচনা সভায় এফবিসিসিআই'র প্রেসিডেন্ট একে আজাদ ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলামও বক্তব্য দেন।
ব্যবসায়ীদের পক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সিএমসিসিআই'র সহ-সভাপতি সুফী মিজানুর রহমান, পরিচালক এম এ আওয়াল ও আবুল বশর।
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি সেল গঠনের আহ্বান জানান মিজানুর।
পণ্যমূল্য নির্ধারণে সিএমসিসিআইকে নিজস্ব গবেষণা সেল স্থাপনের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "প্রতিষ্ঠার এক বছর পরো কেন আপনারা গবেষণা সেল গঠন করেননি? কারণ আপনারা আপনাদের মুনাফা উন্মুক্ত করতে চান না।"
গবেষণা সেল গঠন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতি মাসে নিত্যপণ্যের আন্তর্জাতিক বাজার দর, পরিবহন খরচসহ আনুষঙ্গিক বিষয় সাধারণ মানুষকে জানাতে বলেন ফারুক খান।
"দেশের মানুষ বিনা পয়সায় আপনাদের কাছ থেকে কিছু খায় না," উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "আমি ভেবেছিলাম ডি.ও বিষয়ে আপনারা দায়িত্বশীল হবেন। কিন্তু একটি ডি.ও চার দফা বিক্রি হয় জেনেও আপনারা নিশ্চুপ থেকেছেন। ভেবেছেন আমরা তো লাভ করে ফেলেছি।"
আলোচনায় চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন বিষয়ে তিনি বলেন, "এটি সাময়িক সমাধান।" ২০১৭ সালের মধ্যে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
জাহাজ ভাঙা শিল্প বিষয়ে তিনি বলেন, "পরিবেশ রক্ষা করেই শিল্প করতে হবে। না হলে ভবিষ্যতে পরিবেশ দূষণের কারণে আমরা সবাই মারা যাবো।"
এছাড়া দেশে মোট ১২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদের ক্ষমতাসম্পন্ন গুদাম আছে উল্লেখ করে তিনি বলেন, "এই ক্ষমতা ২০ লাখ মেট্রিক টন করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
দুই থেকে তিন বছরের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামিয়ে আনা হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, দেশীয় ব্যবসায়ীরা যেন বিদেশের মাটিতে বিনিয়োগ করতে পারে সে লক্ষ্যেও তিনি কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৫০ঘ.
bdnews24