ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনাসদস্য ও ছাত্র সংঘর্ষের ঘটনায় জড়িত-প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য-উপাত্ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
ওই ঘটনায় জড়িত-প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংসদীয় কমিটি লিখিত মতামত, তথ্য বা সচিত্র প্রতিবেদন চেয়েছে বলে বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
৮ নভেম্বরের মধ্যে ডাক, ফ্যাক্স বা ইমেইলে এসব তথ্য পাঠানোর অনুরোধ করেছে কমিটি।
তথ্য পাঠানোর ঠিকানা: শাহ মাহমুদ সিদ্দিক, সিনিয়র সহকারী সচিব, জাতীয় সংসদ সচিবালয়। ফোন: ৯১১০২৭৬, ৯১২৫৩৯২। মোবাইল নম্বর: ০১৯১১-২৪৩৮০৫। ফ্যাক্স নম্বর: ৯১২৫৩৯২। ইমেইল:duke.sms@fsmail.net
তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০০৭ সালের ২০ ও ২১ অগাস্ট জিমনেসিয়াম মাঠে খেলা দেখাকে কেন্দ্র করে সেনাসদস্য ও ছাত্রদের মধ্যে সৃষ্ট অনাকাক্সিক্ষত ঘটনায় সংশ্লিষ্ট নির্যাতিত
শিক্ষক, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে লিখিত মতামত ও সচিত্র প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা ওই ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন অথবা যারা নিজেদের মতামত দিতে আগ্রহী তারাও একই সময়ের মধ্যে কমিটিকে তথ্য দিতে পারবেন।
২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সেনা সদস্যদের হাতে এক ছাত্র প্রহৃত হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিশ্ববিদ্যালয়। এর জের ধরে ২০ ও ২১ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ চলে।
পরে দেশের অনেক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ আগস্ট থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। ২৩ আগস্ট গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসভবন থেকে দুই জন শিক্ষককে আটক করা হয়। পরে আরো দুই শিক্ষককে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।
ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে সরকার। পরে ছাত্র আন্দোলনের মুখে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১১৭ঘ.
bdnews24