২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফিরতে বৈমানিকদের ৪৮ ঘণ্টা দেবে বিমান

কর্মবিরতি পালন করতে থাকা বৈমানিকরা ৪৮ ঘণ্টায় কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মবিরতি পালন করতে থাকা বৈমানিকরা ৪৮ ঘণ্টায় কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বুধবার সন্ধ্যায় জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। সভাশেষে জামাল উদ্দিন বলেন, "কাজে যোগ দিতে বৈমানিকদের আগামীকাল সকাল ১১টায় নোটিশ দেওয়া হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" তবে 'কঠোর' ব্যবস্থা কী সে বিষয়ে তিনি কিছু বলেননি। সময় বেঁধে দেওয়া বাপা'র ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোটিশ পেয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি জানান, বুধবার বেলা ৩টার পর বিমান পরিচালনার শিডিউলহীন বৈমানিককে বিমানের প্রশাসনিক ভবনে অবস্থিত বাপা কার্যালয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। কর্মবিরতিরত বৈমানিকরা বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য। মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে সেরাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় একশ ১৬ বৈমানিকের সংগঠন বাপা। এতে এলোমেলো হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসূচি। বুধবার এক সংবাদ সম্মেলনে বাপা'র সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহতাব বলেন, "চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার না হলে আমার আন্দোলন চালিয়ে যাবো।" এ প্রসঙ্গে বিমান চেয়ারম্যান জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপনাদের (সাংবাদিকদের) বলেছে, আপনার সমাধান করে দিন। আমাদের কেউ এরকম কিছু বলেনি।" জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বুধবার একটি ফ্লাইট বাতিলসহ অন্তত পাঁচটি ফ্লাইটসূচিতে পরিবর্তন এনেছে। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের শতশত যাত্রী। বৈমানিক সংকটের কারণে পরিবর্তন করতে হয়েছে উড়োজাহাজ। পরিস্থিতি মোকাবিলায় চালকের আসনে বসতে হয়েছে বিমান কর্মকর্তাদের। যাত্রীদের নিরাপত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে উড়োজাহাজ পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছেন বাপা'র ভারপ্রাপ্ত সভাপতি জাকির হুসেইন ও সাধারন সম্পাদক এমএ বাসিত মাহতাব। এছাড়া বাপার সাবেক সভাপতি ক্যাপ্টেন এসএম হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর প্রতিবাদে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বাপা সদস্যরা। মঙ্গলবার রাতের মধ্যেই প্রায় ৫০ জন বাপা সদস্য অসুস্থতার কারণ দেখিয়ে কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করে। ফলে ভেঙে পড়ে বিমানের ফ্লাইটসূচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২৩৩৭ঘ.