২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার কলারোয়ায় ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই স্থানে একই সময় বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই স্থানে একই সময় বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সদরের সব স্থানে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম তরিকুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি রাজনৈতিক সংগঠন একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলারোয়া থানার ওসি ইনামুল হক জানান, বুধবার বিকাল ৩টায় কলারোয়া জি কে এম কে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি সমাবেশ আহ্বান করে। ছাত্রলীগের উপজেলা ও কলেজ শাখাও সেখানে একই সময় সমাবেশ ডাকে। উভয় দল মাইকিং করে সমাবেশের প্রচার চালায়। ওসি জানান, নিষেধাজ্ঞা জারির পর কলারোয়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। ১৪৪ ধারা জারির পর জেলা বিএনপি'র সভাপতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তাৎক্ষণিকভাবে তার বাসায় সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, প্রশাসনের কাছ থেকে আগেই বিএনপির সমাবেশের অনুমতি নেওয়া হয়েছে। তারপরও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ একই স্থানে সমাবেশ ডেকেছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির সমাবেশের বিষয়টি তারা জানতেন না। তারা সংগঠনের জেলা জেলা সভাপতি জুয়েল হাসানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ডেকেছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপি'র উদ্যোগে বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। শহরের নিউ মার্কেট চত্বরে সদর ও পৌর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদর বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ চিশতি, পৌর বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.