ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক ফুড ব্যাংকে খাদ্যশস্যের মজুদের পরিমাণ ২ লাখ ৪০ হাজার টন থেকে বাড়িয়ে ৪ লাখ টনে উন্নীত করার প্রস্তাব করেছে বাংলাদেশ।
ঢাকায় হোটেল শেরাটনে বুধবার শুরু হওয়া ফুড ব্যাংকের চতুর্থ বোর্ড সভায় বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব দেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, ২০০৮ সালে সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তখন এ ব্যাংকে মজুদের পরিমাণ নির্ধারণ করা হয় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন। এতে ভারতের অবদান এক লাখ ৪০ হাজার টন এবং বাংলাদেশের ছিল ৪০ হাজার টন। কিন্তু এটা আজ বাড়িয়ে ৪ লাখ টন করার প্রস্তাব করা হয়েছে।
ফুড ব্যাংকের পরিচালনা বোর্ড আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
রাজ্জাক বলেন, "সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠানের দুই বছর হলেও এখনো সেভাবে কার্যকর করা সম্ভব হয়নি। এটা কার্যকর করা গেলে তা সদস্য দেশগুলোর প্রয়োজনে ভূমিকা রাখতে পারবে। এক্ষেত্রে সদস্য দেশের উৎপাদন সঙ্কট বা জরুরি প্রয়োজন দেখা দিলে এ ব্যাংক খাদ্য সরবরাহে ভূমিকা রাখবে।"
সার্ক ফুড ব্যাংক কার্যকর হওয়ার প্রতিবন্ধকতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মজুদ পরিস্থিতি, সদস্য দেশের অবদান ও পরিচালনার নিয়মাবলিসহ কিছু কিছু বিষয় নিয়ে এটি অকার্যকর রয়েছে। এ বিষয়ে চতুর্থ বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
২০০৮ সালে সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা হয়। এর আগে তিনটি সভায় সদস্য দেশগুলোর মধ্যে করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
বোর্ড সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র)। সার্ক সচিবালয়ের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ, খাদ্য বিভাগের যুগ্ম-সচিব খন্দকার আতিয়ার রহমান ও বাংলাদেশে সার্ক ফুড ব্যাংকের ফোকাল পয়েন্ট খাদ্য অধিদপ্তরের পরিচালক ইলাহী দাদ খান এতে বক্তব্য রাখেন।
সার্কভুক্ত আটটি দেশের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বুধ ও বৃহস্পতিবার দু'দিন এ সভা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২৩১ ঘ.
bdnews24