২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-লন্ডন ফ্লাইট আরো দেরিতে

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) এর কর্মবিরতিতে পাইলট সঙ্কট হওয়ায় ঢাকা-লন্ডন ফ্লাইটটি আরো পৌনে ১ ঘণ্টা পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 06:25 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) এর কর্মবিরতিতে পাইলট সঙ্কট হওয়ায় ঢাকা-লন্ডন ফ্লাইটটি আরো পৌনে ১ ঘণ্টা পিছিয়েছে। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানানো হয়েছে। এর আগে সকালে জানানো হয়, বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইটটি ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও পাইলট সঙ্কটে তা পিছিয়ে বেলা ১২টায় নির্ধারণ করা হয়েছে। চার বৈমানিককে শাস্তির আদেশ দেওয়ার পর বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) বুধবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। তবে হজ ফ্লাইট কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাপার এক নেতা। বিমানের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, বুধবার সকালে অন্তত ৪০ জন পাইলট অসুস্থতার কারণ দেখিয়ে ফ্লাইট চালাতে পারবেন না জানিয়ে রিপোর্ট করেছেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় ৪০ জন পাইলট অসুস্থ (সিক রিপোর্ট) বলে রির্পোট করেছেন। এর ফলে ফ্লাইটসূচি এলোমেলো হতে পারে।" "পাইলটদের কর্মবিরতির কারণে হজ ফ্লাইটে কোনো সমস্যা হবে না। হজ ফ্লাইট কর্মবিরতির আওতা মুক্ত থাকবে", বলেন তিনি। একই কথা জানিয়েছেন বাপার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন। বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পাইলটদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধনের চেষ্টা চলছে। হজ ফ্লাইট কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।" এর আগে মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাত ৯টায় আমরা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে একটি নোটিশ পেয়েছি।" নোটিশে জাকির এবং সমিতির সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহবুব ও এএম মাকসুদকে ফ্লাইট চালানো থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই নোটিশে বাপার আরেক সদস্যকে কারণ দর্শাতে বলেছে বিমান। এ প্রেক্ষিতে বাপার সদস্য বিমানের একশ' ১৬ জন বৈমানিক অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বলে জানান জাকির। ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে শুক্রবার থেকে কাজ করছেন না বাপা সদস্যরা। অর্থাৎ মাসে ৭০ ঘণ্টার বেশি এবং দুটি ফ্লাইট চালানোর মধ্যবর্তী বিশ্রামের সময় ফাইট চালাচ্ছেন না পাইলটরা। বাপার পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বৈমানিকদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬২ বছর করে বিমানের জারি করা আদেশ বাতিল, ওয়েট লিজ (ক্রু, ইন্সুরেন্সসহ বিমান ভাড়া করা) বাতিল করে ড্রাই লিজ (শুধু বিমান ভাড়া করা) বাস্তবায়ন, বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত পাওনা সমন্বয়ের নামে প্রণোদনা (ইনক্রিমেন্ট) বন্ধের পরিকল্পনা বাতিল। এছাড়া বিমানের চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে পুনর্বহাল করে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচারের ব্যবস্থা করা এবং বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও জনবল বাড়ানো। এর মধ্যে বয়স বাড়ানোর বিষয়টি আদালতে বিচারাধীন। গত ৯ অক্টোবর ভোররাতে হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট ২১ নভেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবছর হজযাত্রীর সংখ্যা প্রায় ৯৪ হাজার। গতবছর এ সংখ্যা ছিলো ৫৮ হাজার। সৌদি এয়ারলাইন্সসহ ১০টি এয়ারলাইন্সের বিমানে এসব হজযাত্রীর যাওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/১২১৯ ঘ.