২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সার্ক ফুড ব্যাংকে ভারতকে ভূমিকা রাখতে হবে'

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সার্ক ফুড ব্যাংক কার্যকর করতে ভারতকেই ভূমিকা রাখতে হবে। কেননা অন্য দেশে ঘাটতি থাকলেও ভারতে খাদ্য উদ্বৃত্ত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সার্ক ফুড ব্যাংক কার্যকর করতে ভারতকেই ভূমিকা রাখতে হবে। কেননা অন্য দেশে ঘাটতি থাকলেও ভারতে খাদ্য উদ্বৃত্ত থাকে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার এক গোলটেবিল আলোচনায় আব্দুর রাজ্জাক বলেন, "২০০৮-এ সার্ক ফুড ব্যাংক হলেও এটি তেমনভাবে কাজ করতে পারেনি। "ভারত একটি বড় দেশ। এখনো সেখানে প্রায় ৪০ বিলিয়ন মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। অথচ অন্য দেশগুলো খাদ্য ঘাটতির দেশ। তাই সার্ক ফুড ব্যাংক কার্যকর করতে ভারতকেই ভূমিকা রাখতে হবে।" সার্ক ফুড ব্যাংককে দুর্যোগপূর্ণ মুহূর্তে আক্রান্ত দেশকে বাজার মূল্যে খাদ্য সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, এজন্য সীমান্ত এলাকায় খাদ্য গুদাম এবং নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী জমা রাখার কথা বলা হয়েছে। বাংলাদেশের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৪০ হাজার টন। "খাদ্যঘাটতি থাকলেও ৪০ হাজার টন আমাদের জন্য বড় কোনো বিষয় হবে না," জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "তবে এক্ষেত্রে ভারতকেই বড় দায়িত্ব নিতে হবে।" দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি উৎপাদন বাড়ানোর নীতি হাতে নিয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক। কৃষি রিপোর্টার্স ফোরাম (এআরএফ), ইকুইটিবিডি এবং মিডিয়া ফাউন্ডেশন ফর ট্রেড এন্ড ডেভেলপমেন্ট যৌথভাবে 'সার্ক ফুড ব্যাংক ও ক্ষুধার্ত মানুষের প্রত্যাশা' শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, "সার্ক ফুড ব্যাংককে কার্যকর করতে হলে আগে সার্ককে কার্যকর করতে হবে। সার্ক কার্যকর না হলে ফুড ব্যাংক নামেই থেকে যাবে।" কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান বলেন, "সার্ক ফুড ব্যাংক হওয়ায় ভারতের কোনো লাভ বা লোকসান নেই। বাংলাদেশসহ এ অঞ্চলের অন্য দেশগুলো এ থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আমাদেরই এজন্য উদ্যোগ নিতে হবে।" এআরএফ সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও ইকুইটি বিডি'র রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সার্ক ফুড ব্যাংকের ফোকাল পয়েন্ট ইলাহী দাদ খান, বিআইডিএস'র মহাপরিচালক এম আসাদুজ্জামান, উন্নয়ন অন্বেষনের রাশেদ আল তিতুমীর, কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল ও সাংবাদিক সালাউদ্দিন বাবলু। এর আগে খাদ্যমন্ত্রী রাজধানীর হোটেলে দক্ষিণ এশিয়ার ডিপেকো কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধন করেন। এতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান স্টিফেন ফ্রোয়েনও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/পিডি/১৯১৩ঘ.