ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলমকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলেছে সরকার।
আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক শাহ আলমকে আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।"
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৯৬ সালের আইন কমিশন আইনের ৫ (৫) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকার কর্র্তৃক চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত অধ্যাপক শাহ আলম চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় গত ১৯ অক্টোবর পদত্যাগ করেন বিচারপতি আব্দুর রশিদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান শাহ আলম ২০০৯ সালের ২৪ জুন আইন কমিশনে সদস্য হিসেবে যোগদান করেন।
কমিশনের অন্য সুনীল চন্দ্র পাল জ্যেষ্ঠ হলেও তিনি বিদেশে চিকিৎসাধীন। কমিশনের অপর অবৈতনিক সদস্য মোহাম্মদ আব্দুল মোবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭২৭ ঘ.
bdnews24