ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার কেরাণীগঞ্জের মাদারীপুর গ্রামে সোমবার দু'জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়েছে একজন।
নিহতরা হলেন- শাহিদা বেগম (৪৫) এবং তার মেয়ে আশা বেগমের ছেলে আহাদ (৫)।
গুরুতর আহত হয়েছে তার ছেলে মো. সেলিমের পুত্র সালমান (৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদা বেগমের স্বামী ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টায় তিনি বাসা থেকে বের হয়ে যান। বাসায় ছিলেন তার স্ত্রী ও দুই নাতি। বেলা সাড়ে ৩টার দিকে এসে দেখেন বাইরে থেকে তালা লাগানো।
স্ত্রী কোথাও বেড়াতে গেছেন মনে করে তিনি সন্ধ্যা পর্যন্ত বাইরে কাটান।
কিন্তু সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তিনি পরিচিত বিভিন্নজনের বাসায় খোঁজ নেন এবং পরে রাত সাড়ে ৯টার দিকে বাসার জানালার কাছে গিয়ে ভেতরে গোঙানির শব্দ শুনতে পান।
জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে ঘরের ভেতরে আধা আলোয় তার স্ত্রী এবং দুই নাতিকে পড়ে থাকতে দেখেন। এরপরই চিৎকার করে লোক জড়ো করেন।
ইসমাইল হোসেন জানান, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। দুই নাতি তখনো জীবিত।
এলাকাবাসীর সহায়তায় নাতিদের হাসপাতালে নেওয়ার পথে আহাদ মারা যায়।
সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১২টা পর্যন্ত সে সংজ্ঞাহীন ছিল।
এই হত্যাকাণ্ডের পেছনে কোনো কারণ বলতে পারেননি ইসমাইল।
কেরাণীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দু'টি রক্তমাখা বটি উদ্ধার করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24