২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের সব রুটে পরিবহন ধর্মঘট আহ্বান

ব্যাটারিচালিত অটোরিকশা, স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে কুড়িগ্রামের পরিবহন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

কুড়িগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটারিচালিত অটোরিকশা, স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছে কুড়িগ্রামের পরিবহন মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে এই ধর্মঘট চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ। সোমবার এই ঘোষণা দিয়ে কুড়িগ্রাম শহরে মাইকিং করা হয়। পরিষদ নেতারা জানান, অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যাত্রীবাহী বাস-মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক ও ট্যাংক লরি চলাচল বন্ধ থাকবে। জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী সাংবাদিকদের জানান, জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প, জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন মিলে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদ গঠিত হয়েছে। তিনি জানান, পরিষদ গত শনিবার সভা করে দাবি পূরণে প্রশাসনকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। কিন্তু এ সময়ের মধ্যে প্রশাসন দাবি পূরণে উদ্যোগ না নেওয়ায় তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রহমান বলেন, এসব যান বন্ধের এখতিয়ার স্থানীয় প্রশাসনের নেই। সরকারের উপর মহল থেকে কোনো সিদ্ধান্ত এলে তারা ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.