২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরাজগঞ্জে সরকারি তদন্ত একপেশে হয়েছে'

সিরাজগঞ্জে সরকারি তদন্ত একপেশে হয়েছে দাবি করে ওই ঘটনা তদন্তে সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি গঠিত 'গণতদন্ত কমিশন'র চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে সরকারি তদন্ত একপেশে হয়েছে দাবি করে ওই ঘটনা তদন্তে সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপি গঠিত 'গণতদন্ত কমিশন'র চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, সর্বদলীয় তদন্ত কমিটি হলে বিএনপি তাতে যোগ দেবে। বিএনপির তদন্ত কমিশন আগামী শুক্রবার সরেজমিন তদন্ত চালাবে বলেও জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব। তিনি বলেন, "সরকারি তদন্ত একপেশে হয়েছে। সে জন্য নিরপেক্ষ তদন্তে বিরোধীদলীয় নেতা এ কমিশন গঠন করেছেন।" সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে মাহবুব জানান, আগামী ২৯ অক্টোবর 'গণতদন্ত কমিশন' সদস্যরা সিরাজগঞ্জ যাবেন। সেখানে কমিশন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়াসহ ঘটনাস্থল পরিদর্শন করবেন। তিনি জানান, তদন্ত শেষ করে বিরোধীদলীয় নেতার কাছে তারা প্রতিবেদন দেবেন। গত ১৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের 'গণতদন্ত কমিশন' গঠন করেন। ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়েদাবাদের খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে চলন্ত ট্রেনের চাপায় অন্তত ছয় জন নিহত হয়। বিক্ষুব্ধরা পরে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনা তদন্তে গঠিত রেলওয়ের কমিটি তাদের প্রতিবেদনে বলে, ট্রেনের কাটা পড়ে মানুষের মৃত্যু দুর্ঘটনায় হলেও এতে বিএনপির দায়িত্বহীনতা ছিলো। সিরাজগঞ্জের ওই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি বক্তব্য আসে। এ বিষয়ে মাহবুব বলেন, "এ ঘটনার পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে সব বক্তব্য এসেছে- তা দুর্ভাগ্যজনক।" কমিশন গঠনের বৈধতা নিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের জবাবে মাহবুব বলেন, "এটা এমন কোনো কমিশন নয়, যে এখানে কাউকে ফাঁসি কিংবা সাজা দেওয়া হবে। তাই গণতান্ত্রিক দেশের যেকোনো ঘটনার সঠিক তথ্য জানার জন্য কমিটি কিংবা কমিশন গঠন করার অধিকার যে কারো। এখানে আইনগত কোনো বাধা নেই।" সংবাদ সম্মেলনে বিএনপি গঠিত কমিটির সদস্যদের মধ্যে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, এবিএম ওবায়দুল ইসলাম, ফাহিমা নাসরিন মুন্নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭৪০ ঘ.