নড়াইল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে দৈনিক ইত্তেফাকের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে নড়াইলে একটি মামলা হয়েছে।
সোমবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অলোক কুমার দাস বাদি হয়ে নড়াইল সদর আমলি আদালত "ক" অঞ্চলের বিচারক মুশরাত জেরীন এর আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, গত ১৮ অক্টোবর দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় 'এমপির কথায় চলে নড়াইলের প্রশাসন' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস কে আবু বাকের ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির 'অসত্য' তথ্য তুলে ধরা হয়।
মামলার অপর দুই আসামি হলেন- পত্রিকাটির স্টাফ রিপোর্টার আবুল খায়ের ও নিজস্ব সংবাদদাতা নড়াইলের ডৌয়াতলা গ্রামের তারিকুজ্জামান।
মামলাটি আমলে নিয়ে আগামী বছরের ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নড়াইল সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24