শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসতভিটা হারানো এবং ন্যায্য দাম না পাওয়ার শঙ্কাই রূপগঞ্জের সহিংসতার মূল কারণ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে ধরা পড়েছে।
স্থানীয়রা বলছেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির উস্কানিতে নয়, নিজেদের রক্ষা করার জন্য এবং আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশই গত শনিবার ঘটেছে।
তারা অভিযোগ করেছেন, সেনাবাহিনীর প্রকল্পের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা যেমন জমি কম দামে বিক্রিতে বাধ্য করছিলেন তেমনি জমি অন্য কারো কাছে বিক্রিতে সেনা সদস্যরা বাধা দিচ্ছিলেন।
অবশ্য সেনাবাহিনী বলছে, আলাপ-আলোচনার মাধ্যমেই বাজার মূল্যে তারা আবাসন প্রকল্পের জন্য জমি কিনছিলো।
সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকা। সংঘর্ষে অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক। সেখানে পুড়িয়ে দেওয়া হয় সেনাক্যাম্প। আহত একজন পরে হাসপাতালে মারা যায়।
রূপগঞ্জের ঘটনায় ইতোমধ্যে স্থানীয় কয়েক হাজার জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, বিরোধী দলের নেতা-কর্মীদের উস্কানিতে সহিংসতা ঘটেছে। অন্যদিকে বিএনপি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।
রোববার কায়েতপাড়া ও রূপগঞ্জ ২৪ মৌজার আশপাশের গ্রামবাসী ও জমির মালিকদের সঙ্গে কথা বললে তারা জানায়, আবাসন কোম্পানিগুলোর 'দখলবাজি' রুখতে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
এলাকাবাসী জানায়, গত কয়েক বছর ধরে বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলো 'পানির দরে' তাদের এলাকার বেশিরভাগ জমি কিনে নিয়েছে। এখন বসতভিটাও রাখতে পারছেন না তারা।
ইছাপুরা এলাকার জমিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমি বিক্রি করার জন্য এলাকার চার জন দালাল অতিষ্ঠ করে তুলেছিলো। এই চার দালাল জাহেদ আলী, ফজলউদ্দিন, জুলহাস ও আবুল হোসেন ভূইয়া নানাভাবে চাপ দিয়ে জমি বিক্রি করতে বাধ্য করছিলো এলাকাবাসীকে।"
এদের মধ্যে আবুল হোসেন ভূইয়া রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাহেদ আলী কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তবে পুরো এলাকা ঘুরে তাদের কাউকে পাওয়া যায়নি। শনিবার সংঘর্ষের সময় জাহেদের বাড়িও ভাংচুর হয়।
এলাকাবাসী জানায়, অভিযোগ নিয়ে শনিবার সকালে জাহেদ আলীর বাড়িতে যায় এলাকার ছয়জন। তখন জাহেদের সহযোগীরা দুজনকে মারধর করে। অন্য চারজনকে নিয়ে যায় সেনা ক্যাম্পে। সেনাক্যাম্পে একজনকে মেরে ফেলা হয়েছে- এমন গুজব ছড়িয়ে পড়লে জনতা সহিংস হয়ে ওঠে। তবে কোন চারজনকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিলো, তাদের পরিচয় জানাতে পারেনি এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়ালপাড়া গ্রামের এক বাসিন্দা বলেন, "২৪ মৌজায় কয়েক শতক জমি বিক্রির জন্য আমাকে কয়েকবার সেনা ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে জাহেদের লোকজন। না গেলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়।"
গোয়ালপাড়াসহ আশপাশের অন্যান্য গ্রামের একাধিক বাসিন্দাও একই অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, ২৪ মৌজার আশপাশের কয়েকটি আবাসন প্রতিষ্ঠান সেনাবাহিনীর চেয়ে বেশি দাম দিতে চাচ্ছিলো। কিন্তু তাদের কাছে জমি বিক্রিতে বাধা ছিলো। পছন্দের কারো কাছে জমি বিক্রির করার স্বাধীনতা ছিলো না ওই এলাকার মানুষের।
ওই এলাকায় আবাসন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী চারটি ক্যাম্প স্থাপন করে। রূপগঞ্জ ভূমি নিবন্ধন কার্যালয়েও (সাব রেজিস্ট্রি অফিস) সেনা সদস্যরা পোশাক পরেই অবস্থান নিয়ে ছিলো বলে স্থানীয়রা জানায়।
এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ ২৪ মৌজার জমি কিনতে এলে অফিসে বসা সেনাবাহিনী সদস্যরা তাদের জমি বিক্রি করতে দিত না।
এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সাব-রেজিস্ট্রার মুনিরুল হক প্রধান। তবে তার কার্যালয়ে সেনা সদস্য থাকার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর কাছে স্বীকার করেছেন তিনি।
স্থানীয়রা জানায়, তিন মাসে আগে আর্মি অফিসার্স হাউজিং সোসাইটির নামে কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২৪ মৌজায় জমি কেনা শুরু হয়। উপজেলার টান মুসুরী, পূর্বগ্রাম, ইছাপুরা ও রূপগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের পাশে সেনাবাহিনীর ক্যাম্প বসিয়ে জমি কেনার কাজ চলছিলো।
রূপগঞ্জের ঘটনা নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসন প্রকল্পের জন্য বাজার মূল্যে জমি কেনার প্রক্রিয়া চলছিলো। কিন্তু স্থানীয় একটি 'স্বার্থান্বেষী' মহল স্থানীয়দের বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে সেনাবাহিনী সম্পর্কে একটি বিরূপ ও ভীতিকর ধারণা সৃষ্টি করে।
আর্মি হাউজিং স্কিমের ওই প্রকল্প নিয়ে বর্তমান সমস্যার সমাধানে আলোচনা এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমে নিষ্পত্তি এবং জমি কেনার কাজ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/কেএমএস/১৪২৯ ঘ.
bdnews24