২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৬ শিশু পাচারকালে উদ্ধার

মাদারীপুরে র‌্যাব সদস্যরা শিশু পাচারকারীদের কবল থেকে ৬ শিশুকে উদ্ধার করেছে। এসময় পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

মাদারীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে র‌্যাব সদস্যরা শিশু পাচারকারীদের কবল থেকে ৬ শিশুকে উদ্ধার করেছে। এসময় পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার তেরভাগদী গ্রামে রোববার রাত ৮টার দিকে এই শিশুদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাচারকারী চক্রের সদস্য আবুল কালামকে (৪০)। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদারীপুর শহরের পশ্চিম খাগদী এলাকা থেকে ৬ শিশুকে পাচার করছে একদল পাচারকারী। এরপর তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা মোতায়েন করেন। রাত আনুমানিক ৮ টার দিকে সদর উপজেলার তেরভাগদী এলাকায় একটি বেবী ট্যাক্সি থেকে ৬ শিশুকে উদ্ধার করা হয়। এসময় আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। বেবী ট্যাক্সিতে থাকা অপর দুই পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত শিশুরা হলো জীবন (৫), নাইমা (৭), মিনা (৮), জনি (৮), মাসুম (৬) ও শয়ন (৮)। তাদের সকলের বাড়ি মাদারীপুর পৌর এলাকার পশ্চিম খাগদী গ্রামে। ফ্লাইট লেফটেন্যান্ট শামীম সরকার বলেন, "অভিভাবকদের খবর দিয়ে র‌্যাব ক্যাম্পে এনে শিশুদের পরিচয় নিশ্চিত করে ৬ শিশুকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। আবুল কালামকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।" এ ব্যাপারে মাদারীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০৮ ঘ.