২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মিজানুরের দাফন সম্পন্ন

নাটোরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানকে সোমবার রাজশাহীতে গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 04:01 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

নাটোর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানকে সোমবার রাজশাহীতে গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমান (৩৬) ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর কলেজের সামনেই স্থানীয় দুই বখাটে তরুণের হামলায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীররাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকাল সোয় ৮টায় ওই কলেজের পাশের লোকমানপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে মিজানুর রহমানের প্রথম জানাজা হয়। এরপর তার কফিন গ্রামের বাড়ি লোকমানপুর কলেজ থেকে ৩২ কিলোমিটার দূরে রাজশাহীর চারঘাট উপজেলার লক্ষীপুর নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ রাজশাহীর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছিলো। সকালে সেখান থেকে নেওয়া হয় কর্মস্থল নাটোরের লোকমানপুরে। ওদিকে মিজানুর রহমানের মৃত্যুতে লোকমানপুর কলেজ কর্তৃপক্ষ আগামী ২৮ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে। নাটোরের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতান আব্দুল হামিদ রোববার লোকমানপুর কলেজের পাশের ওই ঘটনাস্থল পরিদর্শন করেন। লোকমানপুর রেল স্টেশন, বাজার ও কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বাগাতিপাড়া থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ওই ঘটনায় গ্রেপ্তার আসিফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার তাকে হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হবে। আসিফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফজাতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে জানিয়ে তিনি বলেন, "অপর আসামি রাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।" ১২ অক্টোবর দুপুরে লোকমানপুর কলেজের সামনের রাস্তায় আসিফ ও রাজন মটর সাইকেল উঠিয়ে দিয়েছিলো শিক্ষক মিজানুর রহমানের ওপর। এরপর তারা রড দিয়ে তাকে দেধড়ক পেটায়। এতে গুরুতর যখম মিজানুরকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ অক্টোবর তাকে ঢাকায় পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৩৮ ঘ.