২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: কারাগারে এনএসআই'র সাবেক প্রধান

১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 12:53 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম দুপুরে মহানগর হাকিম এইচএম ফজলুল বারীর আদালতে হাজির করানোর মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে তিনি আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ঢাকায় সিআইডি'র সদর দপ্তরে টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) তাকে ছয়দিন জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে চট্টগ্রাম নিয়ে আসা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় জিজ্ঞাসাবাদ শেষে রেজ্জাকুলকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।" তিনি আরো জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আদালতকে আবেদনে জানান- রেজ্জাকুলকে ঢাকায় জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা যাচাই-বাছাই করতে সময় প্রয়োজন। আবেদনে রেজ্জাকুলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয় বলে পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু জানান। ছয়দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়ার সাত মাস নয়দিন পর সাবেক এ গোয়েন্দা প্রধানকে গত ১৭ অক্টোবর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিলো। চট্টগ্রাম মহানগর হাকিম এ বছরের ৯ মার্চ রেজ্জাকুল হায়দারকে টিএফআই সেলে ছয়দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ ঘটনায় রেজ্জাকুলকে পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ করা হলো। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর গত বছরের ১৫ মে ঢাকার ওল্ড ডিএইচএস'র বাসা থেকে রেজ্জাকুল হায়দারকে গ্রেপ্তার করে। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালানের ঘটনায় পৃথক দুটি মামলা করে। ওই সময় রেজ্জাকুল হায়দার চৌধুরী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিবিআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি এনএসআই'র মহাপরিচালক নিযুক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৪৭ঘ.