২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও রাজবাড়ীতে ১৪৪ ধারা জারি

একই সময়ে পাশাপাশি স্থানে সভা ডাকায় যশোর ও রাজবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 03:13 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে পাশাপাশি স্থানে সভা ডাকায় যশোর ও রাজবাড়ীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল থেকে এ আদেশ বলবৎ থাকবে বলে ওইসব এলাকায় কোনো সভা-সমাবেশ করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ পাশাপাশি স্থানে একই সময়ে জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার কেশবপুর পৌর এলাকার থানার মোড়ে বিএনপি এবং রুপা সিনেমা হলের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সভা ডাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেশবপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান থানার ওসি মীর রেজাউল হোসেন রেজা। রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এই আদেশ বলবৎ থাকবে। ওসি জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে উপজেলা বিএনপি থানার মোড়ে সভা ডাকে। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ মাত্র বিশ গজ দূরে রুপা সিনেমা হলের সামনে জনসভা আহ্বান করায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, তাদের পূর্বঘোষিত জনসভা বানচাল করার জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী বলেন, তারা ঘোষিত কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলা বিএনপি ও যুবলীগ পাশাপাশি স্থানে সভা ডাকায় শহরের আজাদী ময়দান ও আশপাশ এলাকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার রেলওয়ে আজাদী ময়দানে সভা ডাকে যুবলীগ এবং পাশে বিএনপি কার্যালয়ে সভা ডাকে বিএনপির দু'টি গ্র"প। রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী বলেন, বিএনপির দু'টি গ্র"প এবং যুবলীগ একই সময়ে পাশাপাশি জায়গায় সভা-সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা রক্ষায় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি নিয়ে ষড়যন্ত্র, কোকোর প্যারোল বাতিল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে এমএ খালেক গ্র"প বেলা ৩টায় বিএনপি কার্যালয়ে গণজমায়েত আহ্বান করে। বিএনপির আরেকটি গ্র"পও একই দাবিতে একই সময়ে কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করে। অপরদিকে যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একই সময়ে বিএনপি কার্যালয়ের পাশে আজাদী ময়দানে জনসভা আহ্বান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.